দ্বিতীয় ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়
১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের তোপে মাত্র ১২ রানের মধ্যেই দুই উইকেট হারিয়েছে সফরকারীরা। এর আগে প্রথম ইনিংসে ৫৫৭ রান তুলে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র সাত বলের ব্যবধানে এক রানের মধ্যে দুই ব্যাটারকে হারায় দলটি। দলীয় ১১ রানে বিদায় নেন প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম। ইয়ানসেনের বলে উইকেটকিপার রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন তিনি।
এর আগে ইয়ানসেনের আগের ওভারের শেষ বলে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা। আম্পায়ার আঙুল তুলে দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তানজিদ। রিপ্লেতে দেখা যায়, বল তার ব্যাটে নয়, প্যাডে লেগে রিকেলটনের হাতে যায়। তবে পরের ওভারের প্রথম বলেই আর রক্ষা হয়নি তার। ৪ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।
এরপর ক্রিজে আসা মুমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র তিন বল খেলে ১ রান করে রাবাদার বলে বোল্ড হন তিনি। ১১ ও ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এর আগে প্রথম ইনিংসে ম্যাচের প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছিলেন মাহফিজুল ইসলাম রবিন। দ্বিতীয় ইনিংসে অবশ্য দুবার জীবন পান তিনি। প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাত ফসকে একবার বেঁচে যান। পরে রিভিউ নিয়েও রক্ষা পান। শেষ পর্যন্ত রাবাদাকে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খোলেন তিনি।
এর আগে ৩৭৬ রানে সাত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তখনও বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। দলের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে রায়ান রিকেলটন বলেছিলেন, ১০০ রানের লিড পেলেই তারা স্বস্তি পাবেন। শেষ পর্যন্ত সেই লক্ষ্য ছাড়িয়ে গেছে প্রোটিয়ারা।
একটি শতরানের বেশি ও দুটি চল্লিশোর্ধ্ব রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৫৫৭। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ।
ভোরের আকাশ/সু.পা