রিজওয়ানের অলরাউন্ড নৈপুণ্যে শক্ত অবস্থানে রংপুর

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৬-২৭ আসরের প্রথম রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে রংপুর বিভাগ। অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে রংপুর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
দ্বিতীয় দিন শেষে ২২০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ঢাকা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন ৬ উইকেটে ২২৯ রান নিয়ে শেষ করা রংপুর দ্বিতীয় দিনে আরও ১১১ রান যোগ করে অলআউট হয় ৩৪০ রানে।
আগের দিন দলের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার মিম মোসাদ্দেক ও অনিক সরকার। দুজন মিলে গড়েন ১১৪ রানের জুটি। মিম ৬৩ ও অনিক ৫০ রান করেন। এরপর রংপুরের ইনিংসকে এগিয়ে নেন রিজওয়ান।
তার ব্যাট থেকে আসে ৭৫ রান। দ্বিতীয় দিন ৩৮ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামা রিজওয়ান ফেরেন ৭৫ রানে। আলাউদ্দিন বাবু করেন ৩৭ রান। ঢাকার হয়ে আরিফ আহমেদ ৯২ রানে নেন ৪ উইকেট। এনামুল হক ও আমিনুল ইসলাম বিপ্লবের শিকার দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ঢাকা। ৪৪ ওভারে ১২০ রান তুলতেই হারায় ৬ উইকেট। সর্বোচ্চ ৩৪ রান করেন মার্শাল আইয়্যুব। ৭৪ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়া ঢাকা কিছুটা ঘুরে দাঁড়ায় তাইবুর পারভেজ ও সুমন খানের ব্যাটে। ষষ্ঠ উইকেটে দুজনের ৪৬ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামলায়। তাইবুর ৩২ ও সুমন ১৯ রানে অপরাজিত আছেন।
ব্যাট হাতে দারুণ করা রিজওয়ান বল হাতেও দেখিয়েছেন কার্যকরী ভূমিকা। মাত্র ৬ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মেহেদী হাসান, আলাউদ্দিন বাবু, স্বাধীন ইসলাম ও আবু হাসিম একটি করে উইকেট পেয়েছেন। তৃতীয় দিন ঢাকা শুরু করবে ২২০ রানে পিছিয়ে থেকে।
ভোরের আকাশ/আ.র