মেসির জাদুতে নিউ ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরল মায়ামি

একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার তাগিদ ছিল ইন্টার মায়ামির। সেই ম্যাচে দলের জয়ের নায়ক হয়ে উঠলেন লিওনেল মেসি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেও করেছেন গোল। তাঁর নৈপুণ্যে নিউ ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
নিউ ইংল্যান্ডের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। প্রথমার্ধে ছয়টি শট লক্ষ্যে রাখে তারা। পাঁচটি কর্নারও আদায় করে নেয়। তাদের এক্সপেক্টেড গোলের পরিমাণ ছিল ০.৭৫। তবে এত সুযোগ তৈরি করেও বিরতির আগে গোলের দেখা পায়নি নিউ ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে মায়ামি। ৬৯ মিনিটে সমতাসূচক গোলটি আসে মেসির দারুণ এক অ্যাসিস্ট থেকে। সতীর্থকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন আর্জেন্টাইন তারকা। এরপর সতীর্থের বাড়ানো বাতাসে ভাসানো ক্রসে হেড করে বল ডান দিকে পাঠান তিনি। সেখান থেকে সহজেই জালে বল পাঠান জার্মান বারতারাম।
দুই ম্যাচের জয়খরা কাটাতে এবার নিজেই গোল করেন মেসি। ৮৩ মিনিটে তিন ডিফেন্ডারের বাধা সামলে অসাধারণ দক্ষতায় বল নিয়ে এগিয়ে যান তিনি। বক্সের বাইরে দুই ডিফেন্ডার তাঁকে চেপে ধরার চেষ্টা করেন, সামনে ছিলেন আরও একজন। তাঁদের সামলে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শটে গোলরক্ষক টার্নারকে পরাস্ত করেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
এটি মেসির ক্যারিয়ারের ৯৩৭তম গোল। একই সঙ্গে ওপেন প্লে থেকে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮২২-এ, যা এই বিভাগে সর্বোচ্চ। ম্যাচের শেষ দিকে ইয়ান ফ্রের আত্মঘাতী গোলে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল নিউ ইংল্যান্ড। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হওয়ায় স্বস্তি পায় মায়ামি।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে নিউ ইংল্যান্ডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে এক ম্যাচ হাতে রেখেই ২০২৭ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে জায়গা নিশ্চিত করেছে দলটি।
৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে মায়ামি। আগামী ৭ নভেম্বর নিজেদের মাঠে শার্লট এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি এমএলএস মৌসুম শেষ করবে ‘দ্য হেরন্স’।
ম্যাচ শেষে মায়ামি কোচ ক্রিশ্চিয়ান গঞ্জালেজ বলেন, ‘এটা আমাদের খেলোয়াড় ও ক্লাবের জন্য আনন্দের বিষয় যে, আমরাও অবদান রাখতে পারছি। আমরা এমন একটি ক্লাবে আছি, যারা ক্রমাগত উন্নতি করছে। আমাদের নিবেদিতপ্রাণ খেলোয়াড় রয়েছে। আমাদের জেতা দরকার ছিল। আমরা কেমন দল হতে চাই, সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম।’
ভোরের আকাশ/সু.পা