চার জাতির টুর্নামেন্টে ফাইনালে চোখ বাংলাদেশ অলিম্পিক দলের

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে চার জাতির একটি টুর্নামেন্টের আয়োজন করেছে। আজ মালদ্বীপে বাংলাদেশ অলিম্পিক দল স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে। বাংলাদেশ এই টুর্নামেন্টে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে স্বাগতিক মালদ্বীপ আফগানিস্তান ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান—উভয় দলেরই পয়েন্ট চার।
আজ বিকেলে পাকিস্তান ও আফগানিস্তান মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনাল নিশ্চিত করবে। পরাজিত দলকে তখন বাংলাদেশ–মালদ্বীপ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশ না জিতলে ওই হেরে যাওয়া দল চার পয়েন্ট নিয়ে ফাইনালে উঠবে।
বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অলিম্পিক দল। পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচে যদি কোনো এক দল জয় পায় এবং বাংলাদেশ মালদ্বীপকে হারায়, তবে বাংলাদেশ ফাইনালে উঠবে। আর যদি পাকিস্তান–আফগানিস্তান ম্যাচ ড্র হয়, তাহলে বাংলাদেশের ফাইনাল সম্ভাবনায় চলে আসবে গোল ব্যবধানের হিসাব।
বর্তমানে পাকিস্তানের গোল ব্যবধান +৩ এবং আফগানিস্তানের +১। বাংলাদেশ যদি ১–০ ব্যবধানে জিতে আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট, হেড টু হেড ও গোল ব্যবধান সমান করে ফেলে, তবে সিদ্ধান্ত আসতে পারে হলুদ ও লাল কার্ডের পরিসংখ্যান থেকে।
তবে সমীকরণ যাই হোক না কেন, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মালদ্বীপকে হারাতেই হবে। এরপরই কেবল অন্যান্য ফলাফলের ওপর নির্ভর করবে ফাইনালের ভাগ্য।
উল্লেখ্য, বাংলাদেশ বাদে অন্য তিনটি দলই তাদের সিনিয়র জাতীয় দল নিয়ে খেলছে। বাংলাদেশের মূল দল সম্প্রতি সান মারিনোতে ম্যাচ খেলেছে। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব–২৩ দল গঠনের প্রস্তুতির অংশ হিসেবে বাফুফে এই টুর্নামেন্টে দল পাঠিয়েছে।
আন্তর্জাতিক ম্যাচে তুলনামূলক কম অভিজ্ঞতা ও সীমিত প্রস্তুতি থাকা সত্ত্বেও কোচ মারুফুল হকের দল গত দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তাই আজ স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ওঠার একটি ‘মৃদু’ আশার সঞ্চার হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
ভোরের আকাশ/সু.পা