বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্জেন্টিনা দল

দীর্ঘ ১১ ঘণ্টার উড়াল ও সাড়ে ৫ হাজার মাইলের বেশি পথ পাড়ি দিয়ে বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। রোববার স্থানীয় সময় সকাল ১১টায় মিসৌরিতে তাদের বিমান অবতরণ করে। ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এয়ারোলিনিয়াস আর্জেন্টিনাসের চার্টার ফ্লাইটের নম্বর রাখা হয় ‘১৯৭৮’। প্রায় ৪৮ বছর আগে বুয়েন্স আয়ার্সের রিভার প্লেটে ৭১ হাজারের বেশি দর্শকের সামনে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।
বিশ্বচ্যাম্পিয়নদের বহনকারী এয়ারবাস A330 বিমানটি সাজানো ছিল বিশ্বকাপের আবহে। জাতীয় দলের নীল-সাদা ডোরাকাটা নকশার পাশাপাশি বিমানের লেজে লিওনেল মেসির ১০ নম্বর জার্সি ফুটিয়ে তোলা হয়। এছাড়া তিনটি সোনালি তারকা আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ শিরোপার প্রতীক হিসেবে রাখা হয়।
কানসাস সিটিতে এবার চারটি দল ক্যাম্প করবে। এর মধ্যে সবার আগে পৌঁছেছে আর্জেন্টিনা। এই সপ্তাহেই লরেন্সের কাছে ইউনিভার্সিটি অব কানসাসে পৌঁছাবে নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়া।
চার্টার ফ্লাইটে আর্জেন্টিনার স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই এসেছেন। নিজ নিজ ক্লাবের দায়িত্ব শেষ করে পরে যোগ দেবেন আরও কয়েকজন। বিমান থেকে নামার পর খেলোয়াড় ও স্টাফরা টার্মাক পেরিয়ে হোটেলের উদ্দেশে অপেক্ষমাণ চার্টার বাসে ওঠেন।
কানসাস সিটির অরিজিন হোটেলে থাকবেন মেসি ও তার দল। সেদিনই হোটেল জিমে হালকা অনুশীলন করবে দল। পরদিন থেকে শুরু হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি ক্যাম্প। এমএলএস ক্লাব স্পোর্টিং কানসাস সিটির হোম গ্রাউন্ড কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে চলবে তাদের অনুশীলন।
আগামী শনিবার টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষে জর্ডান হেয়ার স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ২২ জুন রাত ১১টায় তাদের দ্বিতীয় ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ জুন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/সু.পা