ভোরে ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ফিফার সেপ্টেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে আবারও শুরু হচ্ছে ফুটবল উন্মাদনা। দক্ষিণ আমেরিকার ফুটবল মানেই উত্তেজনার আগুন, আর সেই আগুন দ্বিগুণ হয় ব্রাজিল ও আর্জেন্টিনার মতো পরাশক্তি একসঙ্গে মাঠে নামলে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে এই দুই দল।
বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এক ঘণ্টা পর সকাল সাড়ে ৬টায় ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবে সেলেসাওরা।
ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবুও দুই দলের জন্যই ম্যাচটি বিশেষ। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই তাদের শেষ ম্যাচ। শোনা যাচ্ছে, আসন্ন বিশ্বকাপের পরই বিদায় নেবেন লিওনেল মেসি। ফলে ঘরের মাঠে এটি হতে পারে তার শেষ ম্যাচ। মেসিকে বিদায় জানাতে আর্জেন্টিনার স্টেডিয়ামে থাকছে বিশেষ আয়োজন, আর আলবিসেলেস্তেরা চাইছে জয়ের মাধ্যমে কিংবদন্তিকে সম্মান জানাতে।
অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নামবে ভেনেজুয়েলা। বর্তমানে তারা দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের সপ্তম স্থানে, ঠিক পেছনেই আছে বলিভিয়া। তাই পয়েন্টের সমীকরণ মেলাতে ভেনেজুয়েলার জন্য জয় ছাড়া বিকল্প নেই। তবে পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়ে ২৩ বার জিতেছে আর্জেন্টিনা, ভেনেজুয়েলার জয় মাত্র দুটি।
এদিকে, ব্রাজিলের জন্য ম্যাচটি আরও তাৎপর্যপূর্ণ। মারাকানায় প্রথমবার ডাগআউটে দাঁড়াবেন কোচ কার্লো আনচেলত্তি। দায়িত্ব নেওয়ার পরই তিনি জানিয়েছিলেন, এ স্টেডিয়ামে বসার জন্য মুখিয়ে আছেন। এবার তিনি জয় দিয়েই শুরু করতে চান।
তবে বড় চমক রেখেছেন আনচেলত্তি। দল ঘোষণায় জায়গা পাননি নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো তারকারা। তাদের ছাড়াই চিলির বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা।
পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষে। দুই দলের ২৬টি মুখোমুখি লড়াইয়ের মধ্যে ব্রাজিল জিতেছে ২১ ম্যাচে, চিলি জিতেছে মাত্র দুইবার। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। ২০২৪ সালের সর্বশেষ ম্যাচে চিলিকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।
আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে—একটি জয় ও একটি ড্র। তাই সেলেসাওদের ছন্দ ফেরানো এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধারের বড় পরীক্ষা হতে যাচ্ছে এ ম্যাচ।
ভোরের আকাশ/হ.র