এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর নিয়মিত দেখা যায় না তাকে। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও মাঠে ফিরছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ার সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন তিনি।
৩০ জুলাই জাম্বিয়ায় পর্দা উঠছে টুর্নামেন্টটির দ্বিতীয় আসরের। ছয়টি দল এবং মোট ১৯টি ম্যাচ নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যেখানে অংশ নেবেন এশিয়ার বিভিন্ন দেশের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটাররা।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ টাইগার্স। দলটির অধিনায়ক হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলো হলো—ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার আলোক কাপালি। এ ছাড়া টুর্নামেন্টে খেলবেন ভারতের ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা ও ইসুরু উদানা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল ও মোহাম্মদ ইরফান, পাশাপাশি আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগার আফগানসহ এশিয়ার আরও অনেক পরিচিত ক্রিকেটার।
৩০ জুলাই জার্সি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।
৩১ জুলাই ডাবল-হেডারের প্রথম ম্যাচে খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স। তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ৮ আগস্ট অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট হবে ফাইনাল।
এদিকে, এশিয়ান লিজেন্ডস লিগের সম্প্রচারস্বত্ব তিন মৌসুমের জন্য পেয়েছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। ফলে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটপ্রেমীরা সরাসরি উপভোগ করতে পারবেন এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের এই লড়াই।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।
ভোরের আকাশ/সু.পা