সেমিফাইনালে থামল বাংলাদেশ এইচপির টপ এন্ড টি-টোয়েন্টি অভিযান

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের অভিযান। আসরের প্রথম মৌসুমে রানার্সআপ হওয়া দলটি গত বছর টেবিলের নবম স্থানে থেকে বিদায় নিয়েছিল। এবার সম্ভাবনা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে শামিম পাটোয়ারি-সাব্বির রহমানদের।
রোববার ডারউইনের গার্ডেন ওভালে টস হেরে আগে ব্যাট করতে নামে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন বাংলাদেশ এইচপি। অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে খেলা এই উইকেটকিপার-ব্যাটার ৬ ম্যাচের ৪টিতেই এক অঙ্কের রানে আউট হয়েছেন। সেমিফাইনালেও গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি।
শুরুটা অবশ্য খারাপ ছিল না বাংলাদেশ এইচপির। ২.৪ ওভারে ২৬ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ওপেনার হাবিবুর রহমান সোহান মাত্র ৩ রান করে ফিরে যান। পরে জিসান আলম ও আরিফুল ইসলাম ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি।
জিসান ৩০ এবং আরিফুল ১৯ রান করেন। এ ছাড়া আবদুল গাফফার সাকলাইন ১৬ বলে ১০ ও আবু হায়দার রনি ১৮ বলে ১২ রান করেন। তবে সাব্বির রহমান, শামিম পাটোয়ারি ও ইরফান শুক্কুর ব্যর্থ হওয়ায় নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ এইচপি। ১৭.১ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয় ২০২৪ সালের রানার্সআপরা।
ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির হয়ে উইল সাদারল্যান্ড সর্বোচ্চ ৪ উইকেট নেন। এ ছাড়া আরও তিন বোলার দুটি করে উইকেট শিকার করেন।
১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় ভিক্টোরিয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ছোট ছোট ইনিংসে লক্ষ্যের দিকে এগিয়ে যায় স্বাগতিক ঘরোয়া প্রতিযোগিতার দলটি।
শেষদিকে ম্যাচ জমে ওঠে। বাংলাদেশের রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলের ঘূর্ণিতে ভিক্টোরিয়া চাপে পড়ে এবং জয়ের সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত অল্পের জন্য ম্যাচটি হাতছাড়া হয়।
দুই বল হাতে রেখেই ৯ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। দলটির হয়ে ক্যাম্পবেল ক্যালাওয়ে সর্বোচ্চ ২৩ রান করেন। বাংলাদেশের হয়ে মোহাম্মদ রুবেল ৩টি এবং শামিম পাটোয়ারি ২টি উইকেট নেন। এই জয়ে টপ এন্ড টি-টোয়েন্টির ফাইনালে জায়গা করে নিয়েছে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি।
ভোরের আকাশ/সু.পা