মেসিকে নিয়ে নতুন তথ্য জানালেন মাসচেরানো

ডান পায়ের পেশিতে হালকা চোটের কারণে সোমবার ভোরে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামছেন না ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ হ্যাভিয়ের মাসচেরানো।
গত সপ্তাহে লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে এই চোট পান মেসি। যদিও ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকার চোট গুরুতর নয়, তবুও ঝুঁকি এড়াতে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসচেরানো বলেন, "লিও ঠিক আছে, কিন্তু সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থাকায় ঝুঁকি নেওয়া বোকামি হবে। আমরা আশা করছি, সে দ্রুত ফিরবে।"
এই মৌসুমে এমএলএসে এখন পর্যন্ত ১৮ গোল করে ন্যাশভিল এসসির স্যাম সুররিজের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। এছাড়া তার ঝুলিতে রয়েছে ৯টি অ্যাসিস্ট। অরল্যান্ডো সিটির ম্যাচ শেষে ইন্টার মায়ামি আগামী শনিবার লস অ্যাঞ্জেলস এফসিকে আতিথ্য দেবে। এরপর ২০ আগস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে দলটি।
এদিকে, আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) টানা তৃতীয় বছর সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হিসেবে খেলছেন মেসি। তার বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা।
মেসির মূল বেতন ১২ মিলিয়ন ডলার হলেও বিভিন্ন মার্কেটিং, এজেন্ট ফি, পারফরম্যান্স বোনাস ও অন্যান্য চুক্তির শর্ত মিলিয়ে এই অঙ্ক দাঁড়ায়। উল্লেখযোগ্য বিষয় হলো, মেসির একার বেতন এমএলএসের ২১টি দলের খেলোয়াড়দের মোট বেতনের চেয়েও বেশি।
ভোরের আকাশ//হ.র