৬৫ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যাচ্ছেন রদ্রি

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ এই মিডফিল্ডারকে দলে নিতে যাচ্ছে কাতালান ক্লাবটি। চার বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেবেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যেই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ম্যানচেস্টার সিটিতে রদ্রির দীর্ঘ সফল অধ্যায়ের পর এবার ক্যারিয়ারের নতুন ঠিকানা হতে যাচ্ছে বার্সেলোনা। ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে তৎকালীন ক্লাব রেকর্ড ৬২.৮ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। এরপর ইংলিশ ক্লাবটির হয়ে ২৯৮টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।
সিটিতে রদ্রির সময়টা ছিল সাফল্যে ভরা। ক্লাবটির হয়ে তিনি একাধিক বড় শিরোপা জিতেছেন। এর মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইএফএল কাপ এবং ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে সিটির সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
তবে ক্যারিয়ারে চোটের ধাক্কাও সামলাতে হয়েছে রদ্রিকে। গুরুতর হাঁটুর চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের বড় একটি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর হ্যামস্ট্রিংয়ের সমস্যাতেও ভুগেছেন এই মিডফিল্ডার। চোটের কারণে মাঠের বাইরে থাকলেও ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
বার্সেলোনায় যোগ দেওয়ার আগে রদ্রিকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল কাতালান ক্লাবটি। গত সপ্তাহে প্রায় ৩৮.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ম্যানচেস্টার সিটি।
রদ্রির সঙ্গে সিটির বর্তমান চুক্তির মেয়াদও শেষের দিকে। ইতিহাদে তাঁর চুক্তির আর মাত্র এক বছর বাকি থাকায় শেষ পর্যন্ত বাড়তি প্রস্তাবের বিষয়ে আলোচনায় বসে দুই ক্লাব। প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে সম্মতি দেওয়ার পরই রদ্রির বার্সেলোনায় যাওয়ার পথ খুলে যায়।
চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বার্সেলোনার মাঝমাঠে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে দেখা যেতে পারে রদ্রিকে। তাঁর অভিজ্ঞতা ও বল দখলের দক্ষতা কাতালান ক্লাবটির মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা