আইসিসির পুরস্কার পেলেন শান্ত
প্রথম টেস্ট জয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে টাইগাররা

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথমবারের মতো টেস্ট জয়ের নজির গড়েছে বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিলেন পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। তিনি ব্যাটিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সব দিক থেকেই তাঁর সেরাটা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও পেয়েছেন পুরস্কার।
র্যাঙ্কিং হালনাগাদের পর বাংলাদেশের ক্রিকেটাররা সুখবর পেয়েছেন। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন শান্ত। ক্যারিয়ারসেরা ৬৪৯ রেটিং পয়েন্ট পেয়েছেন টাইগার অধিনায়ক। ১০১ ও ৮৭ রানের দুটি ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সমান ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ২৩ নম্বরে রয়েছেন বাবর আজম। হাঁটুর চোটের কারণে মিরপুর টেস্ট খেলতে পারেননি পাকিস্তানের এই তারকা ব্যাটার।
মুমিনুল হকও দুই ইনিংসে ফিফটি করেছেন (৯১ ও ৫৬ রান)। দুই ইনিংসেই তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়েছেন শান্ত-মুমিনুল। মুমিনুল ১২ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৫ নম্বরে অবস্থান করছেন। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন সমান ৫৯২ রেটিং পয়েন্ট নিয়ে ৩৫ নম্বরে। দুই ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের ইনিংস খেলেছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাইজুল ইসলাম ও নাহিদ রানারা। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে রানা। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১ উইকেট পাওয়া রানা দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। ৩ ধাপ এগিয়ে তাইজুল ১৩ নম্বরে উঠে এসেছেন। মিরপুর টেস্টে তিনি নিয়েছেন ৪ উইকেট। তাইজুল ও রানার রেটিং পয়েন্ট ৭০৪ ও ৩৩২।
৬২০ রেটিং পয়েন্ট নিয়ে মেহেদী হাসান মিরাজ আগের মতোই টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন। মিরপুর টেস্টে পেয়েছেন ৬ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। দুই, তিন ও চারে থাকা মিচেল স্টার্ক, ম্যাট হেনরি ও প্যাট কামিন্সের রেটিং পয়েন্ট ৮৩৮, ৮৩৬ ও ৮৩২। প্রত্যেকেই এক ধাপ করে এগিয়েছেন।
জো রুট ৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। প্রথম আট নম্বর পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দুই ও তিনে থাকা হ্যারি ব্রুক ও ট্রাভিস হেডের রেটিং পয়েন্ট ৮৫৭ ও ৮৫৩।।
মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে ছিল পাকিস্তান। বাংলাদেশ ছিল পিছিয়ে। গতকাল মিরপুরে ১০৪ রানে জয়ের পর দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ৬ উঠে এল বাংলাদেশ। শান্তর দলের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। তাদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ভোরের আকাশ/সু.পা