অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। এমন দুর্দান্ত জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নও দেখছে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন, ধারাবাহিকভাবে ভালো করতে পারলে ফাইনালে ওঠা সম্ভব। একই আশার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও।
এবার সেই সুরে সুর মিলিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস। সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন, বাংলাদেশ দল ও টিম ম্যানেজমেন্টের লক্ষ্য এখন প্রতিটি ম্যাচ ধরে এগিয়ে যাওয়া।
তিনি বলেন, ‘বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন এটা খুব স্পষ্টভাবে বলেছে যে, আমরা প্রতিটি ম্যাচ ধরে ধরে জিততে চাই। কারণ আমাদের এরপরও আরও সাতটি ম্যাচ (টেস্ট) বাকি আছে। এখন এটা নিয়ে চিন্তা না করে সামনে যে ম্যাচটি আছে, ওই ম্যাচ বাই ম্যাচ যদি যাওয়া যায়।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ নিয়ে এখনই বেশি ভাবতে চান না নাফিস। তার মতে, সময়ের সঙ্গে পরিস্থিতি ও সমীকরণ পরিষ্কার হবে।
নাফিস বলেন, ‘সমীকরণের জায়গায় সমীকরণ, আমরা গাণিতিক সমীকরণ জানি। যখন মিলবে, সেটা তখন মিলিয়ে যাবে। এখন এটা আপনি এক বছর, দেড় বছর পরের একটা টুর্নামেন্টে কখন কী হবে—এটা বলে তো আর এখনই এটা নিয়ে কাজ করতে পারবেন না। কারণ আমরা পরিস্থিতির অনেক বেশি সামনে এগিয়ে যেতে চাই না।’
বর্তমানের ওপর মনোযোগ রাখলেই ভবিষ্যৎ আরও ভালো হবে বলে মনে করেন নাফিস। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, বর্তমান নিয়ে যদি আমরা লক্ষ্য নির্ধারণ করি, ভবিষ্যৎ ইনশাআল্লাহ উজ্জ্বল হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয়ে পূর্ণ ১২ পয়েন্ট পেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবস্থান বদলায়নি বাংলাদেশের। তবে শতকরা পয়েন্ট (পিসিটি) বেড়েছে। এর ফলে ২০২৫-২৭ চক্রের ফাইনালে খেলার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পরও বাংলাদেশ তালিকার চতুর্থ অবস্থানেই রয়েছে। তবে তাদের পিসিটি ৫৮.৩৩ থেকে বেড়ে হয়েছে ৬৬.৬৭। ফলে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে জয় পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চতুর্থ চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছে। শান্ত-তাসকিনরা পাঁচ ম্যাচে তিনটি জয় পেয়েছে। একটি ম্যাচ ড্র এবং একটি ম্যাচে হেরেছে তারা। সামনে রয়েছে আরও সাতটি টেস্ট। সেই ম্যাচগুলোতে ভালো ফল করাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য।
ভোরের আকাশ/সু.পা