বিশ্বকাপে কার্যকর হচ্ছে নতুন নিয়ম

ফুটবল মানেই উত্তেজনা, গতি এবং ৯০ মিনিটের তীব্র লড়াই। তবে আসন্ন বিশ্বকাপে সেই চিরচেনা ফুটবলের চিত্রে আসছে বড় পরিবর্তন। খেলার সময় অপচয় কমানো, মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং ম্যাচের গতি বাড়াতে একগুচ্ছ নতুন ও কঠোর নিয়ম কার্যকর করতে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) জানিয়েছে, ২০২৬–২০২৭ মৌসুম থেকে এবং আসন্ন ফিফা বিশ্বকাপ থেকেই এসব নতুন নিয়ম কার্যকর হবে। ফিফার চিফ রেফারিং অফিসার পিয়েরলুইজি কোলিনা জানান, খেলার মান উন্নয়ন, বৈষম্য কমানো, সময় নষ্ট রোধ এবং দর্শক ও খেলোয়াড়দের অভিজ্ঞতা আরও উন্নত করাই এই পরিবর্তনের লক্ষ্য।

মুখ ঢেকে কথা বললে শাস্তি
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড় যদি হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলেন, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং সরাসরি লাল কার্ড দেওয়া হতে পারে। তবে সতীর্থদের সঙ্গে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আলাপের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এই নিয়মটি প্রবর্তনের পেছনে রয়েছে বর্ণবাদবিরোধী আচরণ ও মাঠে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্দেশ্য।
প্রতিবাদে মাঠ ছাড়লে কঠোর ব্যবস্থা
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে গেলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। একই শাস্তি প্রযোজ্য হবে সেই দলের কর্মকর্তার ক্ষেত্রেও, যিনি খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দেবেন। কোনো দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে সেই দলকেই পরাজিত ঘোষণা করা হবে।
থ্রো-ইন ও গোলকিকের সময়সীমা
নতুন নিয়মে রেফারি হাত তুলে পাঁচ সেকেন্ডের দৃশ্যমান কাউন্টডাউন শুরু করবেন। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না হলে প্রতিপক্ষ দলকে বল দেওয়া হবে। একইভাবে গোলকিক নির্ধারিত সময়ে সম্পন্ন না হলে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে।

বদলি খেলোয়াড়ের নিয়মে পরিবর্তন
বদলি নেওয়ার সময় খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে নির্ধারিত বাউন্ডারি দিয়ে মাঠ ছাড়তে হবে। সময়মতো না নামলে পরবর্তী বিরতিতে রেফারির অনুমতি সাপেক্ষে বিকল্প খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবে। তবে ইনজুরি বা নিরাপত্তাজনিত পরিস্থিতিতে এই নিয়ম শিথিল থাকবে।
মাঠে চিকিৎসা ও ইনজুরি নিয়ম
মাঠে কোনো খেলোয়াড় চিকিৎসা নিলে, খেলাটি পুনরায় শুরু হওয়ার পর তাকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের আঘাত, খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ, গুরুতর ইনজুরি বা পেনাল্টির আগে আঘাত লাগলে এই নিয়ম প্রযোজ্য হবে না।

ভিএআর-এর পরিধি বাড়ছে
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর ক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। এখন থেকে স্পষ্ট ভুল সিদ্ধান্ত, ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়া, ভুল কর্নার কিক এবং সেট পিস শুরুর আগের ফাউলেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।
হাইড্রেশন বিরতি
প্রতিটি ম্যাচের প্রতি হাফে একবার করে তিন মিনিটের পানিবিরতি থাকবে, সাধারণত হাফের মাঝামাঝি সময়ে। তবে পরিস্থিতি অনুযায়ী রেফারি সময় নির্ধারণে নমনীয়তা পাবেন।

গোলরক্ষকের চিকিৎসা নিয়ম
গোলরক্ষক মাঠে চিকিৎসা নিলে উভয় দলের খেলোয়াড়দের আলাদা টাইমআউট বা কোচিং নেওয়ার সুযোগ থাকবে না। বিশ্ব ফুটবলের এই নতুন নিয়মগুলো কার্যকর হলে খেলায় গতি বাড়বে এবং সময় অপচয় কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তথ্যসূত্র: আল-জাজিরা
ভোরের আকাশ/সু.পা