রবিন দাসের সঙ্গে চুক্তি বাতিল করল ইংলিশ ক্লাব এসেক্স

এক নারীকে ধর্ষণের দুটি অভিযোগে আদালতে হাজির হওয়ার পর বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাসের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব এসেক্স।
শুক্রবার (৯ অক্টোবর) আদালতে হাজিরার পর ক্লাবটি জানায়, ২০২৬ মৌসুম শেষ হওয়ার আগে খেলার জন্য নির্ধারিত দায়বদ্ধতা পূরণ করতে না পারায় তার চুক্তি বাতিল করা হয়েছে। ক্লাবের সিদ্ধান্তটি চলমান আইনি প্রক্রিয়া থেকে আলাদা বলেও জানানো হয়েছে।
২৪ বছর বয়সী রবিনের বিরুদ্ধে গত জুলাইয়ে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়। ২০২৪ সালের মার্চে লন্ডনের ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের ঘটনায় ২০২৫ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হন রবিন। ২০২৮ সালের জানুয়ারিতে তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
রবিনের আদালতে হাজিরার বিষয়ে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানায়, বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তবে চলমান মামলার বিষয়ে এর বাইরে কোনো মন্তব্য করবে না ক্লাবটি।
চুক্তি বাতিলের বিষয়ে ক্লাবটি জানায়, ২০২৬ মৌসুম শেষ হওয়ার আগে রবিনের পক্ষে তার খেলার দায়বদ্ধতা পূরণ করা সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান আইনি প্রক্রিয়ার সঙ্গে সিদ্ধান্তটির সরাসরি সম্পর্ক নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেক হয় ডানহাতি ব্যাটার রবিন দাসের। তার বাবা মৃদুল কান্তি দাসের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে হওয়ায় বাংলাদেশি গণমাধ্যমেও আলোচনায় এসেছিলেন তিনি।
২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেন রবিন। পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জে হলেও রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে।
ভোরের আকাশ/সু.পা