পেসারদের ইনজুরি সামলাতে বিশেষজ্ঞ রোয়ানকে আনছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটে গত কয়েক বছর ধরে পেসারদের উত্থান চোখে পড়ার মতো। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে নাহিদ রানা, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের মতো একাধিক পেসার জাতীয় দলের হয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে পেসারদের সাফল্যের পাশাপাশি তাদের ইনজুরিতে পড়ার ঘটনাও কম নয়। বর্তমানে একাধিক পেসার চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।
ইনজুরিতে আক্রান্ত ক্রিকেটারদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে এবার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পেসার তানজিম সাকিবের ইনজুরির সময় নিউজিল্যান্ডের স্পাইন কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক রোয়ান চাউটেনের পরামর্শ নিয়েছিল বিসিবি। পরবর্তী সময়ে অনলাইনেও একাধিকবার তাঁর পরামর্শ নিয়েছে বোর্ড।
জাসপ্রিত বুমরাহ ও শেন বন্ডের মতো ক্রিকেটারদের সফল অস্ত্রোপচার করেছেন রোয়ান চাউটেন। এবার বাংলাদেশের ক্রিকেটারদের চিকিৎসায়ও তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি। চিকিৎসকের আন্তরিকতা ও সহযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে দীর্ঘমেয়াদি কনসালট্যান্ট হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে বোর্ড। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি জানিয়েছে।
জানা গেছে, বিসিবির প্রস্তাবে রোয়ান চাউটেনও ইতিবাচক সাড়া দিতে যাচ্ছেন। এতদিন কোনো পারিশ্রমিক না নিলেও এবার তাঁর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করা হবে।
মূলত ক্রিকেটারদের ইনজুরি-সংক্রান্ত রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন রোয়ান। এ ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে বিসিবির চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখবেন তিনি।
রোয়ান চাউটেন ক্রিকেটারদের মেরুদণ্ডের স্ট্রেস ফ্র্যাকচার ও পিঠের গুরুতর সমস্যার সফল অস্ত্রোপচারের জন্য পরিচিত। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশের তারকা ক্রীড়াবিদদের চিকিৎসা ও অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
মেরুদণ্ডের অবক্ষয়জনিত রোগ, ডিস্ক প্রোল্যাপস, সায়াটিকা, স্পাইনাল স্টেনোসিস ও মেরুদণ্ডের আঘাতের চিকিৎসায়ও তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। পাশাপাশি হিপ জয়েন্ট প্রতিস্থাপনেও অভিজ্ঞ এই চিকিৎসক।
বাংলাদেশের পেসারদের নিয়মিত ইনজুরির বিষয়টি বিবেচনায় রোয়ানের মতো একজন বিশেষজ্ঞের পরামর্শ দীর্ঘমেয়াদে ক্রিকেটারদের চিকিৎসা ও ইনজুরি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে বিসিবি।
ভোরের আকাশ/সু.পা