বৃষ্টিতে চীনের বিপক্ষে ম্যাচ বাতিল, সেমিফাইনালে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় বৃষ্টির কারণে চীনের বিপক্ষে এশিয়ান গেমস ক্রিকেটের ম্যাচটি মাঠে গড়ায়নি। টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করা হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে গত কয়েক দিনের বৃষ্টিতে মাঠের বিভিন্ন অংশ ভেজা থাকায় খেলা আয়োজনের মতো পরিস্থিতি তৈরি হয়নি।
ম্যাচ শুরুর আগে মাঠের অবস্থা দেখতে আম্পায়াররা তিনবার পরিদর্শন করেন। দীর্ঘ সময় অপেক্ষা ও একাধিকবার পরিদর্শনের পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এশিয়ান গেমসের ক্রিকেটের বাইলজ অনুযায়ী, র্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। এর আগে এশিয়ান গেমসের হাংজু আসরেও বৈরী আবহাওয়া ও মাঠের অনুপযোগী পরিস্থিতির কারণে একই নিয়মে ম্যাচের ফল নির্ধারণ করা হয়েছিল।
এদিকে আজ বাংলাদেশ নারী ফুটবল দলেরও ম্যাচ রয়েছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ওসাকায় স্থানীয় সময় বিকেল ৪টায় মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল।
প্রসঙ্গত, এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে এর দুই দিন আগে, ১৭ সেপ্টেম্বর। নাগোয়ায় সেপ্টেম্বর বছরের অন্যতম বৃষ্টিবহুল সময় হওয়ায় বাংলাদেশের ম্যাচে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। বৃষ্টির কারণে ম্যাচের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি।
ভোরের আকাশ/সু.পা