আর্জেন্টিনার শেষ কয়েকটি ম্যাচের রেফারিং নিয়ে স্প্যানিশ তারকার বিস্ফোরক অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলোতে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্পেনের ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেয়া সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, আর্জেন্টিনার কিছু আগ্রাসী আচরণ শাস্তি ছাড়াই থেকে যাওয়ায় তিনি বিস্মিত হয়েছেন। প্রতিবেদন এনডিটিভির।
লাপোর্তে বলেন, ‘ফুটবলে আগ্রাসী খেলা নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। যদি সেটি সহনীয় সীমার মধ্যে থাকে এবং রেফারি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে আমার কোনো সমস্যা নেই।’
তবে আর্জেন্টিনার সাম্প্রতিক ম্যাচগুলোতে কিছু ঘটনার বিচার নিয়ে প্রশ্ন তোলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। লাপোর্তের ভাষায়, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের সত্যিই বিস্মিত করেছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচে কয়েকটি ঘটনা কোনো শাস্তিই পায়নি। এমন বিষয় ফুটবলে, বিশেষ করে এত বড় টুর্নামেন্টে, মেনে নেয়া উচিত নয়। এতে প্রতিপক্ষ দল মানসিকভাবে বিপর্যস্ত ও হতাশ হতে পারে।’
লাপোর্তে আরও বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে স্পেন নিজেদের শৃঙ্খলাপূর্ণ দল হিসেবে প্রমাণ করেছে এবং প্রতিপক্ষকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা বা বিপজ্জনক ফাউল করার চেষ্টা করেনি।
তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমরা এ দিক থেকে ভালো একটি দল। আমরা প্রতিপক্ষকে আঘাত করার বা বিপজ্জনক ফাউল করার চেষ্টা করি না। ফাইনালেও আমাদের একইভাবে খেলতে হবে। তবে ম্যাচটি অনেকটাই নির্ভর করবে রেফারিংয়ের ওপর।’
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এখন মুখোমুখি হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের অন্যতম কারণ লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের সম্ভাব্য লড়াই।
সেমিফাইনালে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে, আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেয়। যোগ করা সময়ের গোলেই নিশ্চিত হয় তাদের ফাইনালের টিকিট।
ফাইনালের আগে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রয়েছেন লিওনেল মেসি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুটি অ্যাসিস্ট করার পর তিনি ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে তালিকার শীর্ষে অবস্থান করছেন।
ভোরের আকাশ/এনউব