জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়তে চায় প্যারাগুয়ে

বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী জার্মানির বিপক্ষে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে প্যারাগুয়ে। শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলটির কোচ গুস্তাভো আলফারো বলেছেন, খেলোয়াড়দের সামনে এটি জীবনের সবচেয়ে বড় সুযোগ। নিজেদের সেরাটা খেলতে পারলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকেও বিদায় করা সম্ভব বলে বিশ্বাস তার।
সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় বোস্টনে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের বিজয়ী শেষ ষোলোতে খেলবে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
বিশ্বকাপে প্যারাগুয়ের যাত্রা শুরু হয়েছিল হতাশাজনকভাবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হারের পর বিদায়ের শঙ্কায় পড়ে দলটি। তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয়। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে খেলছে দক্ষিণ আমেরিকার দলটি।
অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও জার্মানির পারফরম্যান্স ছিল ওঠানামার। শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হারতে হয়েছে তাদের। এর আগে আইভরি কোস্টের বিপক্ষেও শেষ মুহূর্তে গিয়ে জয় নিশ্চিত করতে হয়। ফলে জার্মানদের বর্তমান ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলফারো বলেন, “জার্মানি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। তবে আমরা মাঠে আমাদের সর্বস্ব উজাড় করে দেব। এমন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যই তো বিশ্বকাপে আসা।”
২০২৪ সালের হতাশাজনক কোপা আমেরিকার পর প্যারাগুয়ের দায়িত্ব নেন আর্জেন্টাইন কোচ আলফারো। ওই আসরে তিন ম্যাচের সবগুলোতেই হেরে বিদায় নিয়েছিল দলটি। দায়িত্ব নেওয়ার পর থেকে কঠিন পরিস্থিতি সামলে উঠে আসায় খেলোয়াড়দের প্রশংসা করেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর নকআউট নিশ্চিত হতে কয়েকদিন অপেক্ষা করতে হয়েছিল প্যারাগুয়েকে। শেষ ৩২ নিশ্চিত হওয়ার পর ম্যাচের মাত্র একদিন আগে বোস্টনে পৌঁছায় দলটি।
এ প্রসঙ্গে আলফারো বলেন, “আমরা মাত্র গত রাতেই এখানে এসেছি। জার্মানির মতো দলের বিপক্ষে প্রস্তুতির জন্য এটি আদর্শ সময় নয়। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে এই দল যেভাবে লড়াই করে, তাতে আমার পূর্ণ আস্থা রয়েছে।”
খেলোয়াড়দের উদ্দেশে দেওয়া বার্তাও তুলে ধরেন তিনি। আলফারো বলেন, “আমি ওদের বলেছি, এটিই আমাদের প্রথম বিশ্বকাপ। সবচেয়ে বড় বিষয় হলো আমরা এই মঞ্চে পৌঁছেছি। বিশ্বকাপে খেলার সুযোগ সবার ভাগ্যে আসে না। এই অভিজ্ঞতা একজন ফুটবলারের জীবন বদলে দিতে পারে।” চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না প্যারাগুয়ে। ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দলটি।
ভোরের আকাশ/সু.পা