ডি থ্রি ট্রফির নিলামে তাসকিন-তানজিদকে ঘিরে উত্তাপ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া প্রতিযোগিতা ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির খেলোয়াড় নিলামে জাতীয় দলের ক্রিকেটারদের ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দর উঠেছে পেসার তাসকিন আহমেদের। ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ওয়ালটন। অন্যদিকে ২ কোটি পয়েন্টে ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে ফরচুন গ্রুপ।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম। প্রচলিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো অর্থের পরিবর্তে এখানে ক্রিকেটারদের জন্য দর হাঁকা হচ্ছে পয়েন্টের ভিত্তিতে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়েছে ১০ কোটি পয়েন্টের বাজেট। সেই বাজেটের মধ্যেই আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন সংস্করণের প্রতিযোগিতার জন্য দল গুছিয়ে নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।
নিলামে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজি প্রতিদ্বন্দ্বিতা করে। শেষ পর্যন্ত ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিনকে দলে নিতে সক্ষম হয় ওয়ালটন। দলটির আইকন ক্রিকেটার হিসেবে আগেই জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
তাসকিনের পরই সর্বোচ্চ দর উঠেছে ওপেনার তানজিদ হাসান তামিমের। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এই বাঁহাতি ব্যাটারকে পেতে একাধিক দল আগ্রহ দেখায়। তবে শেষ পর্যন্ত ২ কোটি পয়েন্টে তাকে দলে নেয় ফরচুন গ্রুপ। দলটির আইকন ক্রিকেটার তাওহীদ হৃদয়।
নিলামে বড় অঙ্কের পয়েন্টে দল পেয়েছেন জাতীয় দলের আরেক ব্যাটার সাইফ হাসান। তাকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। এই ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
এদিকে নাজমুল হোসেন শান্তকে দলে নিয়ে ব্যাটিং শক্তি বাড়িয়েছে ফরচুন গ্রুপ। একই দলে থাকছেন সৌম্য সরকার ও লেগ স্পিনার রিশাদ হোসেন। সৌম্যকে ৭৫ লাখ এবং রিশাদকে ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
তবে টি-টোয়েন্টি সংস্করণে রিশাদকে পাবে না ফরচুন। ওই সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকার কথা রয়েছে তার। সে কারণে প্রতিযোগিতার বাকি দুই সংস্করণকে বিবেচনায় রেখেই তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
নিলামের শুরুতেই আলোচনায় আসেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তাকে দলে নিতে একমি, ফরচুন, ব্লুস্টার ও সিটিজেনস ব্যাংকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দেড় কোটি পয়েন্টে তাকে দলে নেয় ব্লুস্টার। দলটির আইকন ক্রিকেটার উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
নিলামে ক্রিকেটারদের জন্য কোটি কোটি পয়েন্টের দর হাঁকা হলেও এই অঙ্কের অর্থ সরাসরি পাবেন না খেলোয়াড়েরা। বিসিবির নির্ধারিত কাঠামো অনুযায়ী তারা ম্যাচ ফি ও দৈনিক ভাতা পাবেন। মূলত ক্রিকেটারদের চাহিদা বোঝা এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কৌশল নির্ধারণের জন্যই পয়েন্টভিত্তিক নিলাম পদ্ধতি চালু করা হয়েছে।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। এর মধ্যে একজন করে আইকন ক্রিকেটার আগেই নির্ধারণ করা হয়েছে। ফলে নিলাম থেকে আরও ২২ জন করে ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে দলগুলোর।
এবারের নিলামের চূড়ান্ত তালিকায় রয়েছেন ২৭৫ জন ক্রিকেটার। তাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ছয়জন আইকন ক্রিকেটারসহ তালিকায় মোট ক্রিকেটারের সংখ্যা ২৮১ জন।
ছয়টি ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটাররা হলেন—ওয়ালটনের মেহেদী হাসান মিরাজ, ফরচুন গ্রুপের তাওহীদ হৃদয়, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, ব্লুস্টারের নুরুল হাসান সোহান, একমির মোসাদ্দেক হোসেন সৈকত এবং সিটিজেনস ব্যাংকের নাঈম শেখ।
আগামী ১৫ ডিসেম্বর বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে টি-টোয়েন্টি প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে ডি থ্রি ট্রফি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে একমি ও ফরচুন গ্রুপ। এই পর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর।
এরপর আগামী জানুয়ারিতে চার দিনের এবং মে মাসে ৫০ ওভারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন সংস্করণ মিলিয়ে মোট ৪২টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। এর মধ্যে ১৯টি টি-টোয়েন্টি, ১৬টি ওয়ানডে ও সাতটি চার দিনের ম্যাচ রয়েছে।
ভোরের আকাশ/সু.পা