ব্রাদার্সকে ৪ গোলে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবারও ফাইনালে উঠেছে। কোয়ালিফায়ার ম্যাচে নিজেদের মাঠ কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। গ্রুপ পর্বে দুই গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে এই জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট।
ভারী বৃষ্টির কারণে মাঠ ছিল কর্দমাক্ত, তবুও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কিংস। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন আরেকটি গোল করলেও সেটি বাতিল হয়।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্ত ব্রাদার্স ইউনিয়ন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ৭২ ও ৭৪ মিনিটে ডরিয়েল্টনের টানা দুই গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ব্রাদার্স ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। ম্যাচের ৮৮ মিনিটে সাব্বির হোসেন গোল করে জয় আরও বড় করেন। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
এই হারে ব্রাদার্স ইউনিয়নের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়নি। কুমিল্লায় ঢাকা মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে তারা। ওই ম্যাচের বিজয়ী দলই ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হবে।
ভোরের আকাশ/সু.পা