অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম জয়ের রেকর্ড এশিয়ায় বাংলাদেশের

২০০৩ সালে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ খেলতে গিয়ে দুটি ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর তাসমান সাগরপাড়ের দেশটিতে আরেকটি টেস্ট খেলার সুযোগ পেতে লাল-সবুজের প্রতিনিধিদের অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। দীর্ঘ অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ৯ উইকেটের জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের এটি প্রথম অ্যাওয়ে টেস্ট জয়।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিততে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে এশিয়ার অন্য দলগুলোকে। শান্ত-হাসানদের দল মাত্র তৃতীয় টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পেল। এশিয়ার দলগুলোর মধ্যে এটিই দ্রুততম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় পেতে পাকিস্তানের লেগেছিল সাত টেস্ট এবং ভারতের ১২ টেস্ট। শ্রীলঙ্কা ১৫টি টেস্ট খেলেও এখনো অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পায়নি।
বাংলাদেশের কাছে এই হার অস্ট্রেলিয়ার জন্যও বেশ বিরল। ৩১ বছর পর প্রথমবার ঘরের মাঠে ভারত ছাড়া অন্য কোনো এশীয় দলের কাছে টেস্টে হারল অস্ট্রেলিয়া। সর্বশেষ ১৯৯৫ সালে পাকিস্তানের বিপক্ষে এমন পরাজয়ের মুখে পড়েছিল তারা। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে আর কোনো টেস্ট জিততে পারেনি পাকিস্তান।
এদিকে, ৯ উইকেটের জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে উইকেটের ব্যবধানে দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার সেনা দেশের মাটিতে বাংলাদেশের এটি দ্বিতীয় টেস্ট জয়। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও জয়ের স্বাদ পেল টাইগাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথম জয় এসেছিল ২০১৭ সালে মিরপুরে। ঘরের মাঠে সেবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই কন্ডিশনে এমন দাপুটে জয় যে আসবে, তা হয়তো খুব কম মানুষই প্রত্যাশা করেছিলেন।
অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র তিনটি টেস্ট খেলেই প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। ভিনদেশের মাটিতে টাইগারদের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় হিসেবে এটি দীর্ঘদিন মনে থাকবে।
২৩ বছর আগে ডারউইন টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল বাংলাদেশ। এবার সেই ডারউইনই হয়ে গেল বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ভেন্যু। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে ম্যাচটি।
ভোরের আকাশ/সু.পা