মিশরের বিপক্ষে একাদশে তিন পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এর আগে সংবাদ সম্মেলনে দলের সম্ভাব্য একাদশ ও কৌশল নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পাওয়া আর্জেন্টিনা এবার একাদশে অন্তত তিনটি পরিবর্তন আনতে পারে। স্কালোনির ইঙ্গিত অনুযায়ী, ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের পরিবর্তে সুযোগ পেতে পারেন হুলিয়ান আলভারেজ। এছাড়া থিয়াগো আলমাদার জায়গায় মিডফিল্ডে দেখা যেতে পারে লিয়ান্দ্রো পারেদেসকে।
পারেদেসকে শুরু থেকেই খেলানো হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, বোকা জুনিয়র্সে খেলার সময় পাওয়া পেশির চোট নিয়েই তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন। পুরোপুরি ফিট না থাকায় প্রথমদিকে তাকে বিশ্রামে রাখা হয়।
স্কালোনি বলেন, ‘কাতার বিশ্বকাপের পর পারেদেস যখনই শতভাগ ফিট ছিল, তখনই খেলেছে। চোট নিয়েও সে দলে ফেরার চেষ্টা করেছে। ও না থাকায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টারই ছিল আমাদের সেরা বিকল্প। কারণ এনজো ফার্নান্দেজ ক্লাব ফুটবলে তুলনামূলক এগিয়ে খেলে, তাই ম্যাক অ্যালিস্টারকে হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায় ব্যবহার করেছি।’
কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, দলের লক্ষ্য শুধু বলের দখল ধরে রাখা নয়, প্রতিপক্ষের পাল্টা আক্রমণও কার্যকরভাবে ঠেকানো।
তার ভাষায়, ‘বল পায়ে রেখেই রক্ষণ সামলাতে হবে। অযথা তাড়াহুড়ো না করে কয়েকটি পাস তৈরি করে আক্রমণে উঠতে চাই। এভাবেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাই।’ শেষ ষোলোর প্রতিপক্ষ মিশরকে নিয়েও সতর্ক স্কালোনি। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিট লড়ে টাইব্রেকারে জয় পাওয়া মিশর শক্তিশালী প্রতিপক্ষ এবং তারা আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে।
তিনি বলেন, ‘মিশর খুব ভালো দল। তারা প্রতিপক্ষকে সবসময় চাপে রাখতে পারে। কেপ ভার্দের মতো শুধুই রক্ষণাত্মক নয়, তারা আক্রমণেও সমান কার্যকর। তবে আমাদের বিপক্ষে অনেক দলই কৌশল বদলে ফেলে। তাই সব ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।’
একাদশে পরিবর্তন এলেও দলের খেলার দর্শনে কোনো পরিবর্তন আসবে না বলেও স্পষ্ট করেছেন বিশ্বকাপজয়ী এই কোচ। তিনি বলেন, ‘একটি ম্যাচে আমরা বিভিন্ন কৌশলে খেলতে পারি। তবে যে দলই মাঠে নামুক, আমাদের স্বাভাবিক খেলার ধরণই বজায় থাকবে। খেলোয়াড়দের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে, কিন্তু শুরু থেকেই কৌশল বদলের কোনো পরিকল্পনা নেই।’
সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
ভোরের আকাশ/সু.পা