ব্রাজিল ম্যাচের জন্য আশিয়ান কাপে দ্বিতীয় সারির দল নামাবে ভারত?

ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী অক্টোবরে স্বাগতিক ভারতের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তিদের। ম্যাচটির সময়সূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই ভারতের ফুটবল অঙ্গনে উচ্ছ্বাস তৈরি হয়েছে। তবে একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া আশিয়ান কাপ নিয়ে নতুন জটিলতায় পড়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।
একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ সূচি থাকায় শুরুতে আশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহারের বিষয়টি ভাবছিল ভারত। তবে সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন অনেকেই। শেষ পর্যন্ত গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পুরোপুরি সরে না গিয়ে দ্বিতীয় সারির দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করছে ভারত।
এবারই প্রথম ফিফার অধীনে আশিয়ান কাপ আয়োজন করা হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচ হওয়ার কথা ৩ অক্টোবর।
ভারত যদি আশিয়ান কাপে সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তাহলে ব্রাজিল ম্যাচে মূল দলের সেরা খেলোয়াড়দের পাওয়া কঠিন হবে। ভারতীয় ফেডারেশনও এমন পরিস্থিতি চায় না। তাই ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী দল মাঠে নামাতে আশিয়ান কাপে বিকল্প দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, শুধু গ্রুপ চ্যাম্পিয়ন দলই পরবর্তী পর্বে জায়গা করে নেবে।
এদিকে আশিয়ান কাপে দ্বিতীয় সারির দল পাঠানোর পরিকল্পনার বিরোধিতা করেছেন ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া। ‘খেল নাউ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আশিয়ান কাপ সাফ চ্যাম্পিয়নশিপের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দলের উন্নতির জন্য এই প্রতিযোগিতায় অংশ নেওয়া গুরুত্বপূর্ণ।
ভাইচুং বলেন, একটি ব্রাজিল ম্যাচের চেয়ে তিন-চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়নে বেশি কার্যকর হতে পারে। তবে ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও আলাদা বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও সময়টি ভালো নয়। কারণ মাত্র একটি ম্যাচ খেলে জাতীয় দলের সামগ্রিক উন্নয়নে বড় পরিবর্তন আনা কঠিন। তবে ভারতীয় ফুটবল ফেডারেশন ভাইচুংয়ের মতামত পুরোপুরি গ্রহণ করেনি। তারা আশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করছে না, পাশাপাশি ব্রাজিল ম্যাচে দেশের সেরা ফুটবলারদের খেলানোর পরিকল্পনাও ধরে রেখেছে।
ভোরের আকাশ/সু.পা