অভিষেকেই ব্রাজিলকে কাঁপিয়ে দিয়েছেন মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বকাপ মঞ্চে নিজের আগমনী বার্তা দিয়ে দিলেন আইয়ুব বুয়াদ্দি। ব্রাজিলের বিপক্ষে মরক্কোর হয়ে অভিষেক ম্যাচেই নজর কাড়লেন এই তরুণ মিডফিল্ডার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রে এখন তিনি।
পুরো ম্যাচজুড়ে ৯০ মিনিট মাঠে আধিপত্য বিস্তার করেন বুয়াদ্দি। কাসেমিরো ও ব্রুনো গিমারাইসদের মতো তারকা মিডফিল্ডারদের ছাপিয়ে যান তিনি। রক্ষণ থেকে আক্রমণ—সব জায়গায় ছিল তার কার্যকর উপস্থিতি।
পরিসংখ্যানেও ছিল তার দাপট। ৬৬টি পাসের মধ্যে ৬১টিই ছিল সফল। ফাইনাল থার্ডে দেওয়া ১৬টি পাসের প্রতিটিই নিখুঁতভাবে সম্পন্ন করেন এই তরুণ। পাশাপাশি ৬টি বল রিকভার করেন এবং ৫ বার ব্রাজিলের আক্রমণ থামিয়ে দেন।
অথচ কয়েক মাস আগেও মরক্কোর জার্সিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। ফ্রান্সে জন্ম নেওয়া বুয়াদ্দি বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সের হয়ে খেললেও বাবা-মায়ের সূত্রে মরক্কোর হয়ে খেলার সুযোগ পান তিনি। বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে মরক্কোর প্রতিনিধিত্বের অনুমতি পান এই মিডফিল্ডার।
ম্যাচ শেষে মরক্কো কোচ আইয়ুব ওয়াহবি তার প্রশংসা করে বলেন, “ওর বয়স ১৮ হলেও ওকে দলে নেওয়া কোনো ঝুঁকি ছিল না। আমি বয়স দেখে নয়, পারফরম্যান্স দেখে ওকে দলে নিয়েছি।”
ব্রাজিলের বিপক্ষে এমন অভিষেকেই নিজের সম্ভাবনার জানান দিয়ে এখন আন্তর্জাতিক ফুটবলে নতুন তারকা হিসেবে বিবেচিত হচ্ছেন আইয়ুব বুয়াদ্দি।
ভোরের আকাশ/সু.পা