থিয়াগোর বার্সেলোনা যাত্রার গুঞ্জন উড়িয়ে দিলেন মেসি

ছেলে থিয়াগো মেসিকে বার্সেলোনার বিখ্যাত একাডেমি ‘লা মাসিয়া’-তে পাঠানোর গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরকে ভিত্তিহীন বলে জানিয়ে আর্জেন্টাইন তারকা স্পষ্ট করে বলেছেন, থিয়াগো আপাতত ইন্টার মায়ামির সঙ্গেই রয়েছে।
লিগস কাপের ম্যাচে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মেসি। এ সময় এক সাংবাদিক সরাসরি তাকে প্রশ্ন করেন, ‘থিয়াগো কি চলে যাচ্ছে?’ সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে স্টেডিয়ামে প্রবেশের সময় মেসি শান্তভাবে এক শব্দে উত্তর দেন, ‘না’।
২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলছে থিয়াগো। এর আগে সে পিএসজির একাডেমি এবং বার্সেলোনার প্রশিক্ষণ কেন্দ্র ‘বার্সা এসকোলা’র সঙ্গে যুক্ত ছিল। তবে বর্তমানে ইন্টার মায়ামিতেই তার ফুটবল প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে সে।
ছেলের খেলার ধরন নিয়ে আগে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, থিয়াগো মাঠে খেলা নিয়ে অনেক চিন্তাভাবনা করে। সে মূলত গুছিয়ে খেলতে পছন্দ করে এবং নিজেকে একজন দক্ষ মিডফিল্ডার হিসেবে গড়ে তুলছে।
এদিকে ছেলেকে নিয়ে ছড়ানো গুঞ্জন অস্বীকার করার পাশাপাশি মাঠেও দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। সান লুইসের বিপক্ষে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টিনার এই মহাতারকা।
ভোরের আকাশ/সু.পা