ফাইনালে ভারতের রানের পাহাড়, রেকর্ড গড়তে হবে নিউজিল্যান্ডকে

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাটিং ঝড়ে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান করেছে দুইবারের চ্যাম্পিয়নরা। ফলে শিরোপা জিততে নিউজিল্যান্ডকে করতে হবে ২৫৬ রান।
রোববার (৮ মার্চ) ফাইনালে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালান দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। কিউই বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৪৩ বলেই ৯৮ রানের ঝড়ো জুটি গড়েন তারা।
তবে ইনিংসের সপ্তম ওভারে ভাঙে এই জুটি। রাচিন রবীন্দ্রর বলে টিম সেইফার্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। আউট হওয়ার আগে ২১ বলে ৫২ রানের দারুণ ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার।
অন্য প্রান্তে দাপট ধরে রাখেন সাঞ্জু স্যামসন। কিউই বোলারদের ওপর একপ্রকার শাসন চালিয়ে ৪৬ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরপর দ্রুত রান তোলার দায়িত্ব নেন ঈশান কিষাণ। ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
শেষদিকে শিভম দুবের ঝড়ো ব্যাটিংয়ে আরও বড় সংগ্রহ পায় ভারত। মাত্র ৮ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তার এই দ্রুতগতির ইনিংসেই ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল স্কোর গড়ে ভারত।
অন্যদিকে ২০২১ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল নিউজিল্যান্ডের। পাঁচ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছে কিউইরা। তবে এবার ট্রফি জিততে হলে তাদের গড়তে হবে নতুন ইতিহাস।
ভোরের আকাশ/এনএস