সর্বোচ্চ গোলদাতা এমবাপের আক্ষেপ ফাইনাল খেলতে না পারা

ব্যক্তিগতভাবে দুর্দান্ত একটি বিশ্বকাপ কাটালেও দলগত সাফল্যের অভাবে কিলিয়ান এমবাপের অর্জন কিছুটা ম্লান হয়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করেও ৬-৪ ব্যবধানে হেরেছে ফ্রান্স। তবে এই দুই গোলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
তিনটি বিশ্বকাপে এমবাপের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২, যা তাকে লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ছাড়িয়ে দিয়েছে। তবে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে মাঠে নামার সুযোগ থাকায় মেসির সামনে আবারও সেই ব্যবধান কমানোর সুযোগ রয়েছে।
তবে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যক্তিগত রেকর্ডের গুরুত্ব অনেকটাই কমিয়ে দেখান এমবাপে। তার কাছে সবচেয়ে বড় আক্ষেপ, ফাইনালে খেলতে না পারা।
মেসিকে নিয়ে ভবিষ্যদ্বাণীও করেন ফরাসি তারকা। তিনি বলেন, “লিও (মেসি) তো সব সময়ই গোল করে। আমার বিশ্বাস, সেও আগামীকাল অবশ্যই গোল করবে।”
বিশ্বকাপ চলাকালীনও এমবাপে জানিয়েছিলেন, সর্বোচ্চ গোলদাতার লড়াই নিয়ে তিনি খুব বেশি ভাবেন না। তার বিশ্বাস, মেসি প্রায় প্রতিটি ম্যাচেই গোল করার সামর্থ্য রাখেন।
ব্যক্তিগত রেকর্ডে নতুন ইতিহাস গড়লেও এমবাপের কণ্ঠে ছিল না কোনো উচ্ছ্বাস। বরং ফাইনালে উঠতে না পারার আক্ষেপের পাশাপাশি প্রতিপক্ষের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি ছিল অকপট শ্রদ্ধার প্রকাশ।
ভোরের আকাশ/সু.পা