ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুধু জিতলেই হবে না, নেট রান রেটের সমীকরণও মেলাতে হবে টাইগারদের।
আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে। আর পরে ব্যাটিং করলে লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।
সংযুক্ত আরব আমিরাতে চলমান এই সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশাজনক। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পাশাপাশি নেট রান রেট নেমে আসে -১.৯৮০-এ।
এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। এতে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে তৈরি হয়েছে কঠিন সমীকরণ।
আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ লিগ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই বললেই চলে। আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে টাইগারদের। এতে নেট রান রেটের উন্নতি ঘটিয়ে ফাইনালে যাওয়ার সম্ভাবনা ধরে রাখতে পারবে দল।
অন্যদিকে, পরে ব্যাটিং করলে জয়ের জন্য নির্ধারিত সময়সীমা নির্ভর করবে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্যের ওপর। হিসাব অনুযায়ী, ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। ২২০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪০.৫ ওভারের মধ্যে। ২৪০ রানের লক্ষ্য হলে জিততে হবে ৪১.১ ওভারের মধ্যে, আর ২৫০ রানের লক্ষ্য পেলে জয় নিশ্চিত করতে হবে ৪১.৩ ওভারের মধ্যে।
একইভাবে, ২৬০ রানের লক্ষ্য পেলে ৪১.৪ ওভার, ২৭০ রানের লক্ষ্য হলে ৪১.৫ ওভার, ২৮০ রানের লক্ষ্য হলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য পেলে ৪২.২ ওভারের মধ্যে জয় তুলে নিতে হবে বাংলাদেশকে।
তিন দলের এই প্রতিযোগিতায় লিগ পর্বে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলছে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
ভোরের আকাশ/সু.পা