জাল টিকা সনদে বড় শাস্তি পেলেন সুইস অধিনায়ক গ্রানিত জাকা

করোনাভাইরাস মহামারির সময় জাল টিকা সনদ জমা দেওয়ার ঘটনায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা। ২০২২ সালে জাল কোভিড টিকা সনদ সংগ্রহের দায়ে দেশটির আদালত তাঁকে দেড় লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি টাকারও বেশি। তবে আগামী দুই বছরের মধ্যে নতুন কোনো অপরাধে জড়িত না হলে এই জরিমানা কার্যকর হবে না।
৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, আদালতের খরচ ইতোমধ্যে পরিশোধ করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জার্মান ভাষায় দেওয়া এক পোস্টে জাকা বলেন, কয়েক সপ্তাহ আগে তিনি বিষয়টি নিয়ে কথা বলেছিলেন এবং নিজের সিদ্ধান্তের দায় নেওয়ার কথা জানিয়েছিলেন। এখনো সেই অবস্থানেই রয়েছেন তিনি।
নিজের ভুল স্বীকার করে জাকা লেখেন, জাল সনদ সংগ্রহের দায়ে সংক্ষিপ্ত বিচারিক আদেশের মাধ্যমে তাঁকে সাজা দেওয়া হয়েছে। প্রতিদিন ৩ হাজার সুইস ফ্রাঁ হারে ৫০ দিনের জরিমানা স্থগিত করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার পাশাপাশি নিজের কাজের দায়ও স্বীকার করেছেন তিনি। এ সময় গত কয়েক সপ্তাহে যাঁরা তাঁকে সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুইস তারকা।
২০২২ সালে জাল করোনা টিকা সনদের ঘটনায় জড়িত থাকার সময় আর্সেনালের হয়ে খেলতেন জাকা। গত ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, কোভিড টিকা নিয়ে তাঁর মনে অবিশ্বাস ছিল। পাশাপাশি উদ্বেগ ও অনিশ্চয়তার প্রভাবেও ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে স্বীকার করেন তিনি।
সুইজারল্যান্ডের জনস্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে কোভিড টিকা সনদ সংগ্রহ করা বা নিজের কাছে রাখা সবার জন্য আইনগতভাবে বাধ্যতামূলক ছিল না। তবে বিভিন্ন কার্যক্রম, স্থাপনা ও ভ্রমণের ক্ষেত্রে এই সনদের প্রয়োজন হতো। ফলে সনদ না থাকলে এসব ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে যেত।
সুইজারল্যান্ডের হয়ে রেকর্ড ১৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাকা। তবে সাম্প্রতিক বিবৃতির পর সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগের ম্যাচগুলোর জন্য জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ওই বিরতিতে স্কটল্যান্ড, উত্তর মেসিডোনিয়া ও স্লোভেনিয়ার বিপক্ষে চারটি ম্যাচেই জয় পেয়েছে সুইজারল্যান্ড।
ভোরের আকাশ/সু.পা