তারকা বিহীন ইংল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

একের পর এক দল ঘোষণা করতে শুরু করেছে বিশ্বকাপের প্রতিযোগী দেশগুলো। শুক্রবার চমক দেখাল ইংল্যান্ড। স্কোয়াড ঘোষণায় বড় নামের একাধিক তারকা বাদ পড়েছেন—ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি মাগুইরে, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফিল ফডেন ও কোল পালমারের মতো খেলোয়াড়রা জায়গা পাননি।
কোচ থমাস টুখেল সরাসরি সম্প্রচারের মাধ্যমে ইংল্যান্ড অ্যাপে ২৬ সদস্যের দল ঘোষণা করেন। দলের অন্যতম বড় চমক ইভান টনির প্রত্যাবর্তন। দীর্ঘ এক বছর ইংল্যান্ড দলে না থাকলেও সৌদি প্রো লিগে আল আহলির হয়ে ৩২ গোল করে তিনি টুখেলের নজরে পড়েন। সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে কিছু সময় মাঠেও নেমেছিলেন তিনি।
ফিল ফডেন ও কোল পালমারের মতো তারকাদের বাদ দিয়ে দলে জায়গা পেয়েছেন মর্গান রজার্স ও জুড বেলিংহাম। ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে জন স্টোন্স দলে আছেন।
এদিকে নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার মর্গান গিবস-হোয়াইটের বাদ পড়া সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই ২৬ বছর বয়সী মিডফিল্ডার প্রিমিয়ার লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা পারফর্মার ছিলেন।
তবুও স্কোয়াডে জায়গা না পাওয়ায় সমর্থকদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। অন্যদিকে দলে থাকা মিডফিল্ডার জুড বেলিংহাম লা লিগায় ২৭ ম্যাচে ৯টি গোল অবদান রেখেছেন।ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। “এ” গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা, ম্যাচ দুটি হবে যথাক্রমে ২৪ ও ২৮ জুন।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস) এবং জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল), মার্ক গুয়েহি (ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), ড্যান বার্ন (নিউক্যাসল) এবং দজেড স্পেন্স (টটেনহ্যাম হটস্পার)।
মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড) এবং এবারিচি এজে (আর্সেনাল)।
ফরোয়ার্ড: হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা (আর্সেনাল), ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে) এবং অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।
ভোরের আকাশ/সু.পা