পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ে। আগামী মাসে এক টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে স্বাগত জানাবে বলে শুক্রবার নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ।
২০২৫ সালে শেষবার টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে জিম্বাবুয়ে একটি ম্যাচে জয় পায় এবং পরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করে। এরপর একই ভেন্যু হারারেতে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল বুলাওয়েতে যাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই। শেষবার বাংলাদেশ জিম্বাবুয়ে সফর করেছিল ২০২২ সালের জুলাই–আগস্টে। সেই সফরে স্বাগতিকরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দুটিতেই জয় পেয়েছিল। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেন, “বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। আশা করি সব ফরম্যাটে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফিরছে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
ভোরের আকাশ/সু.পা