ফিফার সদস্য দেশগুলোর মধ্যে অর্থ সহায়তার আলোচনা ইনফান্তিনোর

ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে অতিরিক্ত তহবিল বিতরণের বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার নগদ রিজার্ভ থেকে প্রতিটি সদস্য দেশকে অন্তত এক কোটি ডলার করে দেওয়ার আহ্বান জানিয়েছিল উয়েফা ও কনকাকাফ। সেই প্রস্তাব বিবেচনায় নিয়ে সর্বোচ্চ পরিমাণ অর্থ বিতরণের পক্ষে মত দিয়েছেন ইনফান্তিনো।
ফিফার নগদ রিজার্ভে থাকা প্রায় ৬০০ কোটি ডলার থেকে অতিরিক্ত অর্থ বিতরণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সোমবার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো জানিয়েছেন, দায়িত্বশীল ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ অর্থ বিতরণে তিনি সমর্থন দেবেন।
আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। চিঠিতে ইনফান্তিনো বলেন, অর্থের পরিমাণ নিয়ে আগাম কোনো মন্তব্য করতে চান না তিনি। তবে ফিফার যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে, ন্যায্যভাবে এবং স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ অতিরিক্ত তহবিল বিতরণে সমর্থন দেবেন।
তিনি আরও বলেন, ‘একটি একক সংখ্যা আলোচনার সূচনা করতে পারে, কিন্তু তা একটি বৈশ্বিক নীতিকে সম্পূর্ণ করতে পারে না। তাই আমি মহাসচিবকে নির্দেশ দিয়েছি, যেন তিনি জমা দেওয়া সব প্রস্তাব একত্র করে একটি সমন্বিত মূল্যায়ন তৈরি করেন। সেটি ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ফিফা কাউন্সিলের বিবেচনার জন্য পেশ করা হবে।’
এর আগে বিশ্বকাপ-পরবর্তী সময়ে ফিফার একটি বাণিজ্যিক প্রস্তাবকে কেন্দ্র করে ফুটবল পরিচালনা সংস্থাগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের ওই পরিকল্পনার আওতায় বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, কোম্পানিটির ২১ শতাংশ শেয়ার একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির কথা ছিল।
জাতীয় ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে চার দিনের মাথায় পরিকল্পনাটি বাতিল করা হয়। তবে ইনফান্তিনো দাবি করেন, ফুটবলে আরও বেশি বিনিয়োগের সুযোগ তৈরি করতেই ওই প্রস্তাব দেওয়া হয়েছিল।
সুইস-ইতালীয় এই ফুটবল প্রশাসক বলেন, ‘সাম্প্রতিক একটি বাণিজ্যিক প্রস্তাবনা, যা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফুটবলে আরও বেশি বিনিয়োগের জন্য ফিফাকে সক্ষম করার উদ্দেশ্যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল।’
২০২৭ সালের মার্চে চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে ইনফান্তিনোর। নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।
ভোরের আকাশ/সু.পা