ফুনচালের ক্যাথিড্রালে রোনালদো-জর্জিনার বিয়ের আসর

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। রোনালদোর জন্মভূমি মাদেইরাতে আগামী শনিবার (৮ আগস্ট) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
কিছুদিন আগে রোনালদো ও জর্জিনার বিয়ের একটি আমন্ত্রণপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেটি ভুয়া বলে জানা যায়। এ নিয়ে বিভিন্ন তথ্য ছড়ানোর পর এবার নতুন কয়েকটি প্রতিবেদনে তাদের বিয়ের বিষয়টি সামনে এসেছে।
স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, মাদেইরার রাজধানী ফুনচালের একটি ক্যাথিড্রালে আগামী শনিবার (৮ আগস্ট) বিয়ের আয়োজন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, বিকেল ৩টায় শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
ফুনচালে জন্ম ও বেড়ে ওঠা ৪১ বছর বয়সী রোনালদো এবং ৩২ বছর বয়সী মডেল জর্জিনা রদ্রিগেজ বিয়ের পর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য কাছের পাঁচ তারকা হোটেল ‘সাভয় প্যালেস’ বুক করেছেন বলে জানা গেছে।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের অতিথিদের জানানো হয়েছে, শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার এলাকা বিশেষ ব্যবহারের জন্য বন্ধ থাকবে।
২০১৬ সালে স্পেনীয়-আর্জেন্টাইন বংশোদ্ভূত জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয় হয়। গত আগস্টে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। সম্প্রতি মায়োর্কায় একটি ইয়টে ওঠার সময় এই দম্পতিকে হীরের আংটি পরা অবস্থায় দেখা যায়।
এর আগে রোনালদো জানিয়েছিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি ও জর্জিনা বিয়ের পরিকল্পনা করেছেন। তবে বিশ্বকাপে পর্তুগাল শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে বিদায় নেয়।
পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, তিনি ট্রফি হাতে নিয়ে নিজের বিয়েতে যেতে চেয়েছিলেন। একই সাক্ষাৎকারে তিনি জানান, জর্জিনাই একমাত্র নারী, যার সঙ্গে সম্পর্কের পর তিনি স্থায়ীভাবে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন। ফুটবল ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের মালিক রোনালদোর জীবনে এবার যোগ হতে যাচ্ছে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়।
ভোরের আকাশ/সু.পা