বিসিবির সঙ্গে চুক্তি ছেড়ে আইসিসি এলিট প্যানেলের সৈকত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিবদ্ধ আম্পায়ারদের তালিকা থেকে সরে দাঁড়াচ্ছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রায় এক বছর আগে দেওয়া তার পদত্যাগপত্র সম্প্রতি কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত গত বছর ঢাকা লিগ চলাকালীন সময়ে। ২০২৫ সালের ২১ এপ্রিল বিসিবির চুক্তি থেকে সরে যেতে পদত্যাগপত্র দিয়েছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে সে সময় তার পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি।
এরপর গত এক বছর তিনি নিয়মিত বেতনও পেয়েছেন। তবে চলতি বছরের এপ্রিলে তার সেই পদত্যাগ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। বিসিবির আম্পায়ার্স বিভাগের এক কর্মকর্তাও বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন। তবে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
জানা গেছে, সৈকত নিজেও আর বিসিবির চুক্তির আওতায় থাকতে আগ্রহী নন। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আম্পায়ারিং চালিয়ে যেতে চান তিনি।
বর্তমানে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অন্যতম সফল আম্পায়ার হিসেবে ইতোমধ্যে তিনি স্বীকৃতি পেয়েছেন।
ভোরের আকাশ/সু.পা