৪০০ রানের সংগ্রহ গড়ে অলআউট বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ গড়ে অলআউট হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
লিটনের আউটের পর বাংলাদেশের লক্ষ্যটা ছিল ৪০০ রানের প্রথম ইনিংসের সংগ্রহ। আর সেটিই পূর্ণ করেছেন তাসকিন আহমেদ। ১৬ বলে ১৭ রান করে এরপর তিনি আউট হলে থামে বাংলাদেশের ইনিংস। তিনিসহ দ্বিতীয় বাংলাদেশের চার ব্যাটারের সবাইকে ফিরিয়েছেন ড্যান প্যাটেরসন।
দুই চার ও ১ ছক্কায় ১৭ রান করা তাসকিন বড় শট খেলতে গিয়েই ক্যাচ দিয়েছেন উইয়ান মুল্ডারের কাছে শর্ট থার্ডম্যানে। কোনো রান না করেই অপরাজিত ছিলেন এবাদত হোসেন।
নবম উইকেট হিসেবে প্যাটেরসনের বাউন্সারে ১৬ রান করা হাসান মাহমুদ বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন রায়ান রিকেলটনের গ্লাভসে।
দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি আদায় করে নিজের মেয়েকে উৎসর্গ করেন লিটন কুমার দাস। কিন্তু এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। এরপর আর ১৪ বল খেলে ফিরেছেন সাজঘরে ১২০ রান করে। ১০ রান করা মেহেদী হাসান মিরাজ আউট হন স্লিপে ক্যাচ দিয়ে তার আগে।
এরপর প্রোটিয়াদের কাঙ্ক্ষিত লিটন দাসের উইকেটটিও তুলে নেন প্যাটেরসন। শর্ট পিচ ডেলিভারি পেয়ে পুল করেন লিটন। কিন্তু শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে দেন উইয়ান মুল্ডারের হাতে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা। ৪টি ড্যান প্যাটেরসন ও একটি মার্কো ইয়ানসেন।
এর আগে, প্রথম দিন সেঞ্চুরি করার পর দ্রুত রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। যেন টি-টোয়েন্টি ব্যাটিং করছিলেন তিনি। ১৯৪ বলে সেঞ্চুরি পূরণের পর ৩৩ বলে করলেন ৩৭ রান। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১৩৭ রানের মাথায় মার্কো ইয়ানসেনের একটি গুড লেন্থের বল ব্যাটে লাগাতে পারেননি। প্যাডে হিট করে। এলবিডব্লিউর আবেদন উঠতেই আম্পায়ার আঙ্গুল তুলে দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি হৃদয়। আউট হয়ে গেলেন।
তবে আউট হওয়ার আগে বাংলাদেশকে রেখে গেলেন দারুণ এক সম্মানজনক স্থানে। দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে ৩ উইকেট, পরে আরও ২ উইকেট হারানোর পর বাংলাদেশ কত কম রানে অলআউট হয়, সেটাই ছিল যেন সবার অপেক্ষার বিষয়।
কিন্তু তাওহীদ হৃদয় প্রথমে তানজিদ তামিমকে নিয়ে ৯৯ এবং পরে লিটন দাসকে নিয়ে গড়েন ২০৬ রানের অনবদ্য দুটি জুটি। হৃদয় ১৩৭ রানে আউট হলেও ভক্তদের সেঞ্চুরির অপেক্ষায় রেখেছেন লিটন দাস। দিনের শেষ মুহূর্তে সবাই আশা করেছিল, লিটনও সেঞ্চুরি করে ফেলবেন; কিন্তু তা আর হয়নি। ৯২ রানে উইকেটে রয়েছেন তিনি। দ্বিতীয় দিন সকালে বাকি ৮ রান নিতে পারেন কি না, সেটাই দেখার।
প্রথম দিন খেলা হলো ৮৪ ওভারের। বাংলাদেশ ওভারপ্রতি ৩.৮৯ হারে রান তুলেছে ৩২৭। উইকেট হারিয়েছে ৬টি। প্রথম দিকে বিপদে পড়লেও শেষ পর্যন্ত প্রথম দিনটা বাংলাদেশের হয়েই থাকলো। ৬৭ রান করেন তানজিদ হাসান তামিম।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই একেবারে প্রথম বলেই আউট হয়ে যান অভিষিক্ত ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন।
এমন অভিষেক ক’জন ক্রিকেটার চাইবেন? একেবারে বাঘের ডেরায় গিয়ে শুরুতেই বাঘের মুখোমুখি হওয়ার মত অবস্থা। মাহফিজুলের অবস্থাও হয়েছে তেমন। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা। তারওপর অভিষেক। এমন অভিষেক ম্যাচে ইনিংস ওপেন করতে নামলেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করা মাহফিজুল ইসলাম।
কিন্তু বিশ্বের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাদাকেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বল মোকাবেলা করলেন মাহফিজুল ইসলাম। কিন্তু প্রথম বলেই কুপোকাত হলেন তিনি। রাবাদা বলটি দিলেন আউটসাইড অফে। ব্যাট পেতে দিলেন রবিন। বল বাইরের কানায় লেগে চলে গেলো গালি অঞ্চলে মার্কো ইয়ানসেনের হাতে।
জীবনের প্রথম বলেই আউট হওয়া অন্যতম দুর্ভাগ্যতম ব্যাটার হয়ে গেলেন মাহফিজুল ইসলাম রবিন। নিজের এবং দলের রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন তিনি।
রাবাদার করা দ্বিতীয় ওভারে আরও একটি উইকেটের পতন হয়। এবার উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুমিনুল হক। ব্যাটের কানায় বল লাগিয়ে উইকেটের পেছনে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। এ সময় দলের রান ২ এবং মুমিনুলের ব্যক্তিগত রান ছিল শূন্য।
রাবাদার বলে যখন আগুন ঝরছিল, তখন তৃতীয় উইকেটে ২০ রানের জুটি গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। কিন্তু সেই রাবাদার বলেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অফ স্ট্যাম্প রীতিমত উড়ে গেলো। ২৩ বলে ১২ রান করে বিদায় নেন তিনি।
রাবাদার আগুনে বোলিংয়ের সামনে যখন একে একে উইকেট হারাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল, তখন সেখানে ধ্বংসস্তুপের ওপর ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টেই রেকর্ড ২৪২ রান করা তাওহীদ হৃদয়।
চতুর্থ উইকেটে তানজিদ তামিমকে নিয়ে দারুণ একটি জুটি গড়ে তুলে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে আনেন হৃদয়। এ দু’জনের ৯৯ রানের জুটি যখন বাংলাদেশকে বিপদ কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিল তখন হঠাৎই আবার রাবাদার আঘাত। দ্রুততম সময়ের মধ্যে ফিরে গেলেন তানজিদ তামিম এবং মুশফিকুর রহিম।
তার আগেই দারুণ এক ফিফটি উপহার দেন তানজিদ তামিম। ৭৯ বলে তিনি ক্যারিয়ারের ২য় ফিফটির দেখা পেলেন। ফিফটি করার পর সাবলিলভাবেই ব্যাট করে যাচ্ছিলেন তানজিদ তামিম।
কিন্তু ৬৭ রানের মাথায় কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে গেলেন তিনি। ১০৮ বলে খেলা ইনিংসে বাউন্ডারির মার ছিল ১২টি। এরপর মাঠে নেমে দাঁড়াতেই পারেননি মুশফিকুর রহিম। গোল্ডেন ডাক মেরে আউট হয়ে গেলেন তিনি। রাবাদার বলেই সাইমন হারমারের হাতে ক্যাচ দেন তিনি।
তানজিদ হাসান তামিমের পর প্রথমে হাফ সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়ও। দক্ষিণ আফ্রিকান বোলারদের দুর্দর্ষ বোলিংয়ের সামনে একের পর এক যখন উইকেট পড়ছিল, তখন প্রথমে তানজিদ তামিমকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয়। এরপর জুটি গড়েন লিটন দাসকে নিয়ে। যে জুটিতে চড়ে তিনি পূরণ করেন সেঞ্চুরি। ১৩৭ রানে যখন আউট হলেন, তখন তাদের জুটি ছিল ২০৬ রানের।