টাইব্রেকারে ডাচদের কাঁদিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মরক্কো

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়েও মেলেনি ম্যাচের নিষ্পত্তি। শেষ পর্যন্ত টাইব্রেকারের রোমাঞ্চে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।
মেক্সিকোর মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। অধিনায়ক আশরাফ হাকিমির নেতৃত্বে একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আফ্রিকার প্রতিনিধিরা। অন্যদিকে নেদারল্যান্ডসও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় ডাচরা। ম্যাচের ৭২তম মিনিটে বদলি খেলোয়াড় ওউত ভেগহর্স্টের তৈরি করা সুযোগ থেকে কোডি গাকপো গোল করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মরক্কো। ম্যাচ যখন নেদারল্যান্ডসের জয় নিশ্চিত বলেই মনে হচ্ছিল, তখন ৯০তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে সমতা ফেরান ডিফেন্ডার ইসা দিওপ। মরক্কোর জার্সিতে এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক গোল। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল ব্যবধান গড়তে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রিসেনসিও সামারভিল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে মরক্কোর এল আইনাউই ও আশরাফ হাকিমি স্পট কিক মিস করলেও সুফিয়ান রাহিমি, চেমসেদিন তালবি এবং ইসমাইল সাইবারি সফলভাবে গোল করে দলকে ৩-২ ব্যবধানের জয় এনে দেন। এই জয়ে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট নেদারল্যান্ডসকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করল মরক্কো।
ভোরের আকাশ/সু.পা