ইয়ামালের কথায় ক্ষুব্ধ নয় ফ্রান্স : কুন্দে

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন-ফ্রান্স মহারণের আগে লামিন ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্য নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, তখন সেই বিতর্কে ভিন্ন সুর তুলেছেন ফ্রান্সের ডিফেন্ডার জুল কুন্দে। বার্সেলোনায় ইয়ামালের সতীর্থ কুন্দে স্পষ্ট জানিয়েছেন, ফরাসি দল ইয়ামালের বক্তব্যকে কোনোভাবেই অসম্মানজনক হিসেবে দেখছে না।
স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল সম্প্রতি বলেছিলেন, “যদি কোনো দলকে ভয় পেতে হয়, তাহলে ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত।” তিনি আরও বলেন, “ফ্রান্সকে স্পেনের চেয়ে ভালো দল বলা যায় না, কারণ সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোতে স্পেনই বেশি সফল।” তার এই মন্তব্য নিয়েই শুরু হয় ব্যাপক আলোচনা।
তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কুন্দে বলেন, “কোনো মুহূর্তেই আমরা লামিনের মন্তব্যকে অসম্মান হিসেবে নিইনি। আমি ওকে খুব ভালোভাবে চিনি। এটা ওর নিজের এবং দলের প্রতি আত্মবিশ্বাসেরই প্রকাশ।”
বার্সেলোনার এই ডিফেন্ডার আরও বলেন, “ক্লাবেও সে এমনই। সে যা বিশ্বাস করে, সেটাই বলে। এতে অবাক হওয়ার কিছু নেই।”
আসন্ন সেমিফাইনাল নিয়ে কুন্দে বলেন, “স্পেন ও ফ্রান্স—দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। তাই ম্যাচে বলের দখল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্পেন দীর্ঘ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারলে তারা খুবই বিপজ্জনক হয়ে ওঠে। তাই আমাদেরও বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে।”
স্পেনের বিপক্ষে সাম্প্রতিক ব্যর্থতার প্রসঙ্গেও কথা বলেন কুন্দে। তবে অতীতের ফল নিয়ে ভাবতে নারাজ তিনি। কুন্দে বলেন, “সাম্প্রতিক ম্যাচগুলোর ফল অবশ্যই আমাদের পক্ষে ছিল না। আমরা সেটা জানি। কিন্তু আমি তা নিয়ে আচ্ছন্ন নই বা হতাশও নই।”
বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে দুই ইউরোপীয় পরাশক্তির লড়াই তাই শুধু মাঠেই নয়, কথার লড়াইয়েও উত্তাপ ছড়াচ্ছে। তবে কুন্দের বক্তব্যে পরিষ্কার, ফরাসি শিবির ইয়ামালের মন্তব্যকে উসকানি হিসেবে নয়, বরং একজন আত্মবিশ্বাসী তরুণ ফুটবলারের স্বাভাবিক অভিব্যক্তি হিসেবেই দেখছে।
ভোরের আকাশ/সু.পা