ওসমান বিন হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২০ আগস্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়েও আদালতে দাখিল করতে পারেনি সিআইডি। এ নিয়ে ১৮তম দফায় তদন্ত প্রতিবেদন জমার সময় পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট।
বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত আগামী ২০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান নিশ্চিত করেছেন।
মামলার তথ্য অনুযায়ী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হামলার দুই দিন পর, ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে ওসমান বিন হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
তদন্ত শেষে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ৬ জানুয়ারি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রের বিষয়ে বাদী নারাজি দিলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর থেকে মামলাটির তদন্ত করছে সিআইডি। কিন্তু এখন পর্যন্ত তারা তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।
বুধবারের আদেশের মাধ্যমে এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৮তম দফায় পিছিয়ে গেল।
ভোরের আকাশ/এনএ