একসঙ্গে ছয়টি বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করল পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রথমবারের মতো একসঙ্গে ছয়টি বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। এই সময়সূচিতে ৪৪তম থেকে শুরু করে ৪৯তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি, লিখিত ও চূড়ান্ত ধাপের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী ১ নভেম্বর প্রকাশিত হবে। আবেদন গ্রহণ চলবে পুরো নভেম্বর মাস জুড়ে, শেষ তারিখ ৩০ নভেম্বর।
এদিকে, চলমান বিশেষ ৪৮তম বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে এর প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই, ফল প্রকাশ ২১ জুলাই এবং চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে ২২ সেপ্টেম্বরের মধ্যে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী:
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হবে ৩০ জুন।
৪৫তম বিসিএসের লিখিত ফল প্রকাশ হবে ১৯ জুন, আর চূড়ান্ত ফল দেওয়া হবে ১০ ডিসেম্বর।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই, ফল প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, ফল প্রকাশ ২৮ সেপ্টেম্বর, এবং লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর।
পিএসসি জানিয়েছে, নিয়মিত বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি সাধারণত বিজ্ঞপ্তির কমপক্ষে দুই মাস পর এবং লিখিত পরীক্ষা নেওয়া হয় প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পর। প্রার্থীদের প্রস্তুতির জন্য মৌখিক পরীক্ষাগুলোর সময় নির্ধারণ করা হবে এমনভাবে যেন এক বিসিএসের সঙ্গে আরেকটির সময়কাল ওভারল্যাপ না হয় এবং তাদের মধ্যে অন্তত এক মাসের ব্যবধান থাকে।
তবে কমিশন জানিয়েছে, প্রকাশিত সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে, তবে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়নে তারা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। পাশাপাশি, ডিসেম্বরের মধ্যে পরবর্তী বিসিএস পরীক্ষাগুলোর সময়সূচিও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
ভোরের আকাশ/হ.র