পিরোজপুরে বজ্রপাতে ২ জন নিহত, নদীতে জেলে নিখোঁজ

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় গৃহবধূ ও এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও এক জেলে বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের পরে নদীতে নিখোঁজ হন।
জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার হারজী নলবুনীয়া গ্রামের গৃহবধূ আয়েশা বেগম (৫০) নিজ বাড়ি থেকে ঝড়ের মধ্যে মাঠে হাঁস আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন। নিহত গৃহবধূ হারজী নলবুনীয়া গ্রামের কৃষক মো. আবদুস সালামের স্ত্রী।
অপরদিকে স্বাধীন তালুকদার (২০) দুপুরে গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে নিহত হন। অনেক খোঁজাখুজির পর রাতে মাঠে তার মরদেহ উদ্ধার করে। তার শরীরে বজ্রপাতে ঝলসে যায়। নিহত ওই যুবক মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজনগর গ্রামের কৃষক মো. মশিউর রহমানের ছেলে।
এছাড়াও দুপুর ১২টার দিকে মো. হাসান (২৫) নামে এক জেলে বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আতংকগ্রস্ত হয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ ওই জেলে উপজেলার জানখালী গ্রামের মো. নবী হোসেনের ছেলে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, নিহত গৃহবধূর পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরাদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বজ্রপাতে ঝলসানো অন্য একজনের লাশ রাতে পাওয়া গেছে।
ভোরের আকাশ/ এনউব