আবুল বারকাতের সম্পদের হিসাব তলব

আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই সংক্রান্ত একটি নোটিশ পাঠানো হয়েছে।
দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশ নোটিশ পাওয়ার ২১ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ছকে নিজের, স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে থাকা যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
নোটিশ সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় আবুল বারকাতের কাছে সম্পদ বিবরণী দাখিলের এই আদেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে অথবা মিথ্যা কিংবা ভুল তথ্য দিয়ে বিবরণী জমা দিলে একই আইনের ২৬(২) ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের বিরুদ্ধে ব্যাংক ঋণসংক্রান্ত একাধিক দুর্নীতির মামলায় অভিযোগ রয়েছে। ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় তাকে ২০২৫ সালের ১১ জুলাই রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া এননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায়ও তিনি চার্জশিটভুক্ত আসামি। ওই মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে ২০২৫ সালের অক্টোবরে চার্জশিট দাখিল করে দুদক।
ভোরের আকাশ/আ.র