ধ্বংসপ্রায় শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান সংকটের জন্য বিগত ফ্যাসিবাদী শাসনামলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ওই সময়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।
দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বাড়ানো সম্ভব হয়েছে বলেও প্রশ্ন করে তিনি।
তারেক রহমান বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
এসময় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে। তিনি এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ দেন।
ভোরের আকাশ/জেআ