নাব্যতা সংকটে সন্দ্বীপে চরে আটকে গেল সী-ট্রাক, লালবোটে তীরে ৩০০ যাত্রী

নাব্যতা সংকটে চট্টগ্রামের সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের চরে আটকে গেছে সী-ট্রাক এসটি নিঝুম দ্বীপ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের বাঁশবাড়িয়া ঘাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পরে সী-ট্রাকে থাকা প্রায় ৩০০ যাত্রীকে লালবোটে করে তীরে নামিয়ে দেওয়া হয়।
সন্দ্বীপ নৌরুটে দ্বিতীয়বারের মতো যুক্ত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথম ট্রিপ পরিচালনা করে এসটি নিঝুম দ্বীপ। তবে যাত্রা শুরুর দিনেই নাব্যতা সংকটে চরে আটকে পড়ে সী-ট্রাকটি।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ৩টার দিকে গুপ্তছড়া ঘাট থেকে বাঁশবাড়িয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় সী-ট্রাকটি। বিকেল ৪টায় বাঁশবাড়িয়া ঘাট থেকে আবার সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল। তবে বাঁশবাড়িয়া ঘাটে পৌঁছানোর আগেই গুপ্তছড়া ঘাটের চরে আটকে যায় এটি।
পরে লালবোটের মাধ্যমে সী-ট্রাকে থাকা প্রায় ৩০০ যাত্রীকে নিরাপদে তীরে নিয়ে আসা হয়।
সন্দ্বীপ নৌরুটে নিয়মিত যাতায়াতকারী যাত্রী আব্দুল করিম বলেন, “সন্দ্বীপে সী-ট্রাক চালু হওয়ায় আমরা খুব খুশি। কিন্তু সী-ট্রাক চলাচলের উপযোগী করে ঘাটে ড্রেজিং করা হয়নি। সী-ট্রাক চলাচলের জন্য সন্দ্বীপের ঘাট ড্রেজিং করতে হবে। ড্রেজিং হলে সবসময় পর্যাপ্ত পানি থাকবে, তখন সী-ট্রাক চলাচল করতে পারবে।”
সী-ট্রাক এসটি নিঝুম দ্বীপের চালক ইকরামুজ্জামান বলেন, “গত ফেব্রুয়ারিতে ভাটার সময়ও এখানে ৯ ফুট পানি ছিল। এখন পূর্ণ জোয়ারের সময়ও চলাচল করতে কষ্ট হচ্ছে। নাব্যতা সংকটের কারণে আজ গুপ্তছড়া চ্যানেল থেকে বের হতে পারব কি না, তা নিয়েও শঙ্কায় ছিলাম। এখানকার নাব্যতা সংকট দ্রুত দূর করতে হবে।”
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী রেজাউর রশিদ খন্দকার বলেন, “আগামীকাল (শুক্রবার) সকালে ঘাটে বয়া দেওয়া হবে। ড্রেজারের যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে ড্রেজিং বন্ধ রয়েছে। ত্রুটি ঠিক করে শিগগিরই ড্রেজিং কার্যক্রম চালু করা হবে।”
ভোরের আকাশ/সু.পা