দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে সেনাসদস্যদের কাজ করার নির্দেশ সেনাপ্রধানের

বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনাসদস্যের উদ্দেশ্যে নিয়মিত দরবার করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দরবারে তিনি সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনাসদস্যের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেনাপ্রধান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের ওপর গুরুত্বারোপ করেন।
দরবারে জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।