আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সোমবার (৭ জুলাই) বেশ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৬ জুলাই) তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল পুনঃখনন প্রকল্পের আওতায় ঢাকা অংশে ৯টি খালের ভেতর বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, মোট ১১ ঘণ্টা বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে যেসব এলাকার নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো: টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা। এইসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
তিতাস আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ বা চাপজনিত সমস্যা দেখা দিতে পারে।
এছাড়া তিতাস গ্যাস গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হওয়ার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেও আশ্বস্ত করেছে।
ভোরের আকাশ/এসএইচ