হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত শিশুদের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগের (একজন চট্টগ্রাম ও অন্যজন নোয়াখালীর) এবং ১ জন ঢাকা বিভাগের।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ১০০ জন মারা গেছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯১২ জন। নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৩ মৃত্যু ঢাকা বিভাগে। এর পরেই বরিশাল বিভাগে ১৯ জন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। এছাড়া রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৬৮, বরিশালে ৫৭, ময়মনসিংহে ৭৭, খুলনায় ৩৮ ও রংপুর বিভাগে মারা গেছে ১৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৮৬৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়ালো এক লাখ ৪৯ হাজার ৪৭১ জনে। তাদের মধ্যে এক লাখ ৪৩ হাজার ৮৬৪ জন হাসপাতাল ছেড়েছে।
দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৯ হাজার ৮২২ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন।