নির্বাচন ও গণভোট ঘিরে নতুন সেবা চালু

দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি এই নম্বরে কল করে ৯ প্রেসের মাধ্যমে সহজেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন নাগরিকরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যে কোনো মোবাইল অপারেটর থেকে টোলফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ প্রেসের মাধ্যমে নাগরিকরা সহজেই নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। সেবার আওতায় ভোটাররা ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদানের নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধাসহ জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন। এছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত Smart Election Management BD এবং Postal Vote BD অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রদান করা হচ্ছে।
গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এ বিশেষ সেবার মাধ্যমে ইতোমধ্যে ১,৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য গ্রহণ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার সহায়ক মাধ্যম হিসেবে ৩৩৩-এর ৯ নম্বর ব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না; বরং একটি “Information Intake, Early Warning & Forwarding System” হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এ তথ্যসেবা নির্বাচনসংক্রান্ত বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।
ভোরের আকাশ/এসএইচ