বগুড়া সিটি করপোরেশনের মাস্টাররোল কর্মীদের ঈদ বোনাস দিলেন প্রধানমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশনের মাস্টাররোল কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদ বোনাস হিসেবে ৪৩ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয়ে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন-এর হাতে বোনাসের চেক হস্তান্তর করা হয়।
এ সময় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
বগুড়া সিটি করপোরেশন সূত্র জানায়, নবসৃষ্ট এই সিটি করপোরেশনে ৮০০-এর বেশি কর্মকর্তা-কর্মচারী মাস্টাররোলে কর্মরত রয়েছেন। তাদের মধ্যে শতাধিক কর্মকর্তা-কর্মচারী দাপ্তরিক কাজে নিয়োজিত এবং বাকিরা পরিচ্ছন্নতা কার্যক্রমে কাজ করছেন। আগামী শনিবার মাস্টাররোলে কর্মরতদের মধ্যে এই অর্থ বিতরণ করা হবে।
ঈদের আগে এ বোনাস পেয়ে সিটি করপোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে দেওয়া এ অর্থ মাস্টাররোল কর্মচারীদের ঈদ বোনাস হিসেবে বিতরণ করা হবে।
তিনি আরও জানান, বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই অনুদান তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, গত ১৮ মে এম আর ইসলাম স্বাধীনকে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় তিনি প্রশাসক হিসেবে যোগদান করেন।
ভোরের আকাশ/এম