উন্নয়ন অধিকার নিশ্চিতে প্রয়োজন সব দেশের সম্মিলিত পদক্ষেপ: শামা ওবায়েদ

জাতিসংঘের ‘উন্নয়নের অধিকার বিষয়ক ঘোষণা’ গ্রহণের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ মন্তব্য করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তিনি বৈশ্বিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিশ্বের সব দেশের অঙ্গীকার ও সম্মিলিত পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘের ‘উন্নয়নের অধিকার বিষয়ক ঘোষণা’ গ্রহণের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
বক্তব্যে শামা ওবায়েদ বলেন, উন্নয়ন একটি অবিচ্ছেদ্য মানবাধিকার। এ অধিকার নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।
তিনি সরকারের জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম তুলে ধরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করেন। পাশাপাশি উন্নয়নের অংশীদার হিসেবে নারী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি ‘রেইনবো নেশন’-এর স্বপ্ন দেখে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।
অনুষ্ঠানে তিনি বৈশ্বিক আর্থিক কাঠামোকে আরও ন্যায়সঙ্গত, উন্নয়ন ও জলবায়ু অর্থায়নে পূর্বানুমেয়তা ও সমতা নিশ্চিত, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) সবার সমান সুযোগ তৈরি এবং উন্নয়নের অধিকারকে জবাবদিহিতার আওতায় আনতে একটি আইনগতভাবে বাধ্যতামূলক কাঠামো গঠনের প্রস্তাব দেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলো উন্নয়নের অধিকার প্রতিষ্ঠা এবং বৈশ্বিক সমৃদ্ধি এগিয়ে নিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ভোরের আকাশ/আ.র