নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল-মাছ জব্দ, আটক ৩১৫

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশ গত সাত দিনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করেছে। এছাড়াও ৩১৫ জনকে আটক করা হয়েছে।
নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গত সাত দিন নৌ পুলিশ অভিযান চালিয়ে মোট ২ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৫৩৩ মিটার অবৈধ জাল ও ২ হাজার ৪৪৮ কেজি মাছ জব্দ করেছ। পাশাপাশি নদী থেকে ২২১টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।
এতে আরও বলা হয়, অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায়, একশত একটি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং তিনটি ড্রেজার জব্দ করা হয়।
এ অভিযানে ৪১টি মৎস্য আইন, ২০টি বেপরোয়া গতি, তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, তিনটি বালুমহাল আইন, সাতটি অপমৃত্যু ও দুইটি হত্যা মামলাসহ মোট ৭৬টি মামলা দায়ের করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়।
ভোরের আকাশ/এসএইচ